Last Updated:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত, আমেরিকা, তুরস্ক ও মিশরের কাছ থেকে চারটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে কিয়েভ। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানিয়েছেন, চারটির মধ্যে ভারতের প্রস্তাবই সবচেয়ে বিস্তৃত।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চারটি যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে কিয়েভ। ভারত, তুরস্ক, মিশর এবং আমেরিকার তরফে এই প্রস্তাবগুলি এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিই সিবিহা। তাঁর দাবি, চারটি প্রস্তাবের মধ্যে ভারতের প্রস্তাবটিই সবচেয়ে বিস্তৃত। প্রথমবারের মতো ভারত এই প্রক্রিয়ায় ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।
কিয়েভে সাংবাদিকদের সিবিহা জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলে তার আওতায় জ্বালানি পরিকাঠামো এবং কৃষ্ণসাগর—দুই ক্ষেত্রই রাখতে হবে বলে জানিয়েছে কিয়েভ। জ্বালানি ক্ষেত্রের ক্ষেত্রে সমস্ত জ্বালানি পরিকাঠামো, এমনকী বন্দর পরিকাঠামোয় হামলাও বন্ধ করার কথা বলা হয়েছে।
তুরস্ক ও মিশরের প্রস্তাবে কৃষ্ণসাগরে শস্য ও কৃষিপণ্যের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এর ফলে ইউক্রেনের শস্য রফতানির পথ ফের চালু করার পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, আমেরিকার প্রস্তাবের মূল বিষয় জ্বালানি ক্ষেত্রে যুদ্ধবিরতি। এই প্রস্তাব নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকেও আলোচনা হয়েছিল।
এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে মোদি নিয়মিত বিষয়টি তোলেন এবং তাঁর ‘খুব ভালো ভাবনা’ রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। শান্তিপূর্ণভাবে এবং যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান চাওয়ার জন্যও মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধানের উপর জোর দিয়েছে ভারত।
