Last Updated:
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বড় রেল দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এখানে রহমান বাবা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে বাইরে বের করে আনার কাজ চলছে।
ইসলামাবাদ: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। রহমান বাবা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর তাতে থাকা যাত্রীদের প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দেয়। উদ্ধারকাজ চলাকালীন এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ৩০ জন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর প্রায় ৫টা ১৫ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের শের শাহ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রহিমন বাবা এক্সপ্রেস। পাকিস্তানের দক্ষিণের বন্দর শহর করাচি থেকে উত্তর-পশ্চিমের পেশোয়ার শহরের মধ্যে চলাচল করে এই ট্রেন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকর্মীরা ট্রেনের ১৪টি কামরা থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু করেন। আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দুই নেতা।
