কলকাতা: ট্রেনে টিকিট নিয়ে বচসা, বিবস্ত্র হয়ে ব্লেড দিয়ে আরপিএফের ওপর হামলার চেষ্টা…পুলিশি হেফাজতে অভিনেত্রী মডেল অন্তরা বন্দ্যোপাধ্যায় (Antara Banerjee)! গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (Government Railway Police) অভিযোগ, মডেল অভিনেত্রী সুরাটগামী স্লিপার-ক্লাসের টিকিট কেটে তিনি একটি বাতানুকুল সংরক্ষিত কোচে উঠে পড়েন। এখানেই শেষ নয়, তিনি নাকি এক যাত্রীকে সংরক্ষিত আসন পর্যন্ত ছেড়ে দিতে বলেন। সেখান থেকেই শুরু হয় বচসা। সমস্যা এতটাই বড় হয়ে ওঠেন যে, প্রথমে ট্রেনের টিটি এবং পরে আরপিএফকে ঘটনাস্থলে ডাকা হয়। এরপরে অন্তরা বন্দ্যোপাধ্যায় নাকি বিবস্ত্র হয়ে হয়ে, ব্লেড দিয়ে আক্রমণ করতে যান। ঘটনায় আহত হন এসআই এবং অভিনেত্রী নিজেও। অবশেষে এই ঘটনায় অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।
স্লিপারের টিকিট নিয়ে এসিতে, সিট না ছেড়ে দিতেই বাঁধে বিতর্ক
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, কাজের সূত্রেই নাকি ১২ অগাস্ট মুম্বইয়ের বাইরে যাচ্ছিলেন অভিনেত্রী। সুরাটগামী স্লিপার-ক্লাসের টিকিট কেটে তিনি উঠে পড়েন, চলে যান একটি বাতানুকুল সংরক্ষিত কোচে। সেখানে গিয়ে, এক যাত্রীকে তিনি তাঁর সংরক্ষিত সিট ছেড়ে দিতে বলেন। যাত্রী রাজি হন না এবং শুরু হয় বাকবিতণ্ডা। এরপরে ওই যাত্রী ট্রেনের টিকিট পরীক্ষককে ডেকে পাঠান এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে, RPF -কে ডাকা হয়। বোরিভালি ও দাহানুর মধ্যবর্তী জায়গায় ঘটেছে এই ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। অভিযোগ, এরপরেই ঘটনাস্থলে আসেন, আরপিএফ-এর সহকারী সাব-ইন্সপেক্টর যামিনিকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার। এই সময়ে অভিনেত্রী তাঁদের উদ্দেশ্য করেও গালিগালাজ ও খারাপ ব্যবহার শুরু করেন। এরপরে তিনি নাকি বিবস্ত্র হয়ে, একটি রেজ়ার ব্লেড দিয়ে আক্রমণ করতে যান। এতে আহত হন এক এসআই, অন্তরা নিজেও আহত হন। পরিস্থিতি প্রতিকুল বুঝে, জানলার কাচ ভেঙে পালানোর চেষ্টা করেন অভিনেত্রী কিছু তাঁকে কোনোভাবে আটকানো হয়। বন্ধ করে দেওয়া হয় ট্রেনের দরজাও। শেষমেষ, দাহানু রেল স্টেশনে তাঁকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পরেরদিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ অন্তরা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেয়। জানা গিয়েছে, এসি কোচের টিকিট না পাওয়ার জেরেই সমস্য়ায় পড়েছিলেন অভিনেত্রী। তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে, আইনি পরামর্শ নিতে ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে বলা হলে, তিনি পুলিশকে বলেন, তাঁকে গ্রেফতার করতে। ঘটনায় FIR দায়ের করার পরে শান্ত হন তিনি। ‘কসৌটি জিন্দেগি কী’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন অন্তরা।