Last Updated:
দলে বড়়সড় ভাঙনের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে সপুত্র উদ্ধবকে দেখে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়ায়৷
কয়েকদিন আগেই উদ্ধব ঠাকরের শিবসেনা ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন লোকসভার ৬ জন সাংসদ৷ এই ঘটনাকে নিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে মহারাষ্ট্রের রাজনীতি৷ দলের সাংসদদের এই দলবদলের পিছনে বিজেপি-কেই দায়ী করছেন উদ্ধবপন্থী শিবসেনার নেতারা৷
এই পরিস্থিতির মধ্যে রাজনৈতিক মহলের জল্পনা বাড়িয়ে দিয়ে একই বিমানে যাত্রা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ এবং উদ্ধব ঠাকরে৷ শুক্রবার মুম্বই থেকে নাগপুরগামী একটি বিমানে একসঙ্গে দেখা যায় দেবেন্দ্র এবং উদ্ধবকে৷ উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর ছেলে আদিত্য এবং সাংসদ সঞ্জয় রাউতও ছিলেন৷
বিমানে দেখা হওয়ার পর সৌজন্য বিনিময় করেন উদ্ধব এবং দেবেন্দ্র৷ দু জনকে টুকটাক কথাও বলতে দেখা যায়৷ স্বাভাবিক ভাবেই রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা দুই নেতার একই বিমানে যাত্রা নিয়ে তুমুল কৌতূহল সৃষ্টি হয়েছে৷ তা আন্দাজ করে বিমানে বসেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়,’ এটাই আজকের সবথেকে বড় খবর৷’ তবে জানা গিয়েছে, নাগপুরে অবতরণের পর উদ্ধব এবং দেবেন্দ্রের গন্তব্য সম্পূর্ণ আলাদা ছিল৷
যে ৬ জন সাংসদ দল ছেড়েছেন, তাঁদের সংসদীয় এলাকায় গিয়ে পাল্টা মানুষকে বোঝানোর কৌশল নিয়েছেন উদ্ধব ঠাকরে৷ বিজেপি-র পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও নেতাদের মধ্যে পারস্পরিক সৌজন্য বজায় রাখা অত্যন্ত স্বাভাবিক এবং প্রত্যাশিত একটি বিষয়৷ ফলে এই বিমানযাত্রা নিয়ে অহেতুক কোনও জল্পনার কোনও কারণ নেই৷
মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য প্রসাদ লাড অবশ্য দাবি করেছেন, দেবেন্দ্র ফড়ণবীশ বরাবরই রাজনৈতিক রং না দেখে সব দলের নেতাদের সঙ্গেই সুসম্পর্ক এবং সৌজন্য বজায় রাখেন৷ বিজেপি নেতা জানিয়েছেন, তাঁর মেয়ের বিয়েতেও উদ্ধব ঠাকরে সপরিবারে এসেছিলেন৷
Kolkata,West Bengal
