কলকাতা: তাঁর সঙ্গীতের কেরিয়ার দীর্ঘদিনের, ‘সা রে গা মা পা’ খ্যাত, একাধিক জায়গাতেই গান গেয়ে, নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। সদ্যই দেবের (Dev) ‘খাদান’ ছবিতে ‘কিশোরী’ গানটি গেয়ে লাইমলাইটে চলে আসেন তিনি। রথীজিৎ ভট্টাচার্য (Rathijit Bhattacharjee)। তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিতই হয়েছিল। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি বড় স্টেটাস শেয়ার করে নেন সঙ্গীতশিল্পী। জানান, তিনি একটি গুরুতর সমস্যায় ভুগছিলেন, আর সেই কারণেই তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেই বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সবাইকেই, যাঁরা সঙ্গীতশিল্পী অসুস্থ থাকাকালীন তাঁর খোঁজখবর নিয়েছেন।
কী হয়েছিল রথীজিতের? কীভাবে পরিস্থিতির উন্নতি হল?
সোশ্যাল মিডিয়ায় রথীজিৎ লিখেছেন, ‘আমার সাম্প্রতিক শারীরিক সংকটের সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত বন্ধু, শুভাকাঙ্খী এবং জি বাংলা পরিবারকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যাঁরা আমার পাশে ছিলেন, দেখতে এসেছিলেন আমায়.. সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমার স্ত্রী এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে জানাচ্ছি, আমি এখন অনেকটাই ভাল আছি। আমি TIA বা Transient Ischemic Attack-এ আক্রান্ত হয়েছিলাম। তবে আমি এখন অনেকটাই ভাল রয়েছি। আমি খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরব। আরও ভাল, আরও শক্তিশালী, আরও উন্নত আর ভাল হয়ে।’
রথীজিৎ জানিয়েছেন, রাতে হঠাৎ করে তাঁর Transient Ischemic Attack হয়। একে মিনি স্ট্রোকও বলা হয়। কথা বলতে বলতে হঠাৎ ঠোঁট বেঁকে যায় তাঁর, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিউরোসায়েন্স-এ নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে তৎকালীন চিকিৎসা শুরু করা হয় তাঁর। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাঁকে। তড়িঘড়ি চিকিৎসায় পরিস্থিতি হাতের মধ্যে আসে, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রথীজিৎ। সঙ্গীতশিল্পী জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়িই কাজে ফিরবেন। তবে বর্তমানে কিছুটা বিশ্রামের প্রয়োজন তাঁর। সামান্য বিরতি নিয়েই কাজে ফিরবেন সঙ্গীতশিল্পী, এমনটাই জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই রথীজিতের সুস্থতা কামনা করেছেন। রূপসা দাশগুপ্ত লিখেছেন, ‘সে কি.. তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ এছাড়াও, তারকা থেকে শুরু করে রথীজিতের অনুরাগীরা প্রত্যেকেই রথীজিতের সুস্থতা কামনা করেছেন।
আরও পড়ুন: Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই…