Last Updated:
Santanu Sinha Biswas: বাড়ি তো নয়, যেন প্রাসাদ! পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির পরে তাঁর মুর্শিদাবাদের এই বাড়িই আচমকা উঠে এসেছে আলোচনায়। কোত্থেকে এল এত বিরাট বাড়ি কেনার টাকা? এবার ইডির টিম পৌঁছে গেল সেই বাড়িতেই ! প্রায় ১৪ ঘণ্টা চলল তল্লাশি।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দিতে দিনভর অভিযানের পর শুক্রবার রাতে শেষ হল শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি। বিশাল পাঁচিল ঘেরা বাড়ির গেটে এদিন দুপুরেই এসে পৌঁছয় ইডির টিম। প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর অবশেষে শুক্রবার রাত এগারোটা নাগাদ বেরিয়ে গেল ইডি আধিকারিকরা।
ইডির তরফে গোটা বাড়ি সিল করে দেওয়া হয়েছে। গত বছর দুয়েক ধরে সংস্কার করার জন্য যে রাজমিস্ত্রিরা কাজ করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, আন্দুলিয়া পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশীকে বসিয়ে রাখা হয় সিজার লিস্টে সিগনেচার করার জন্য। বাড়ি থেকে বেশ কিছু জমির কাগজপত্র সংগ্রহ করে নিয়ে গিয়েছে ইডির টিম। বহরমপুর থেকে ব্যাঙ্কের দুই আধিকারিককেও তাঁরা নিয়ে এসেছিলেন কাগজপত্র নথি খতিয়ে দেখতে।
শুক্রবার দুপুর সকাল থেকেই ইডি তল্লাশি শুরু হয় কান্দি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। তল্লাশিতে প্রচুর জমির খোঁজ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে খবর। ভূমি রাজস্ব দফতর ও রেজিস্ট্রি অফিসের লোকদের নিয়ে সেই সমস্ত সম্পত্তি খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা।
এদিন ইডির ডাকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছন কান্দি ব্লক ভূমি রাজস্ব আধিকারিক অমিত বিশ্বাস ও রেভিনিউ অফিসাররাও। মোট কতটা পরিমান জমি রয়েছে এবং সম্পত্তির বৈধতা খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির পরে তাঁর মুর্শিদাবাদের কান্দির এই প্রাসাদোপম বাড়ি রাজ্য জুড়ে চর্চায় উঠে আসে। এবার শুক্রবার সকালে একদিকে যখন শহর কলকাতা জুড়ে জমি কেলেঙ্কারি মামলা সংক্রান্ত তদন্তে ইডির তল্লাশি অভিযান চলছিল তখনই কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও তল্লাশিতে পৌঁছে যায় ইডি। শুরু হয় ম্যারাথন তল্লাশি।
প্রণব বন্দ্যোপাধ্যায়
Kolkata,West Bengal
