মুম্বই: পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন। এবার কি প্লে অফে উঠতে পারবে না মুম্বই ইন্ডিয়ান্স?
জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার। যেদিন ২৪৩ রান তুলেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেল নীতা অম্বানির দল। ৮ ম্যাচে মাত্র ২টি জয়। ৪ পয়েন্ট রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের দৌড়ে কার্যত কোণঠাসা। বাকি ৬ ম্যাচের ৬টিতেই জিতলে সামান্য সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ১৬ পয়েন্টে শেষ করবেন হার্দিক পাণ্ড্যরা। তারপরেও কি প্লে অফ নিশ্চিত? বলা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে অন্য দলের ফলের জন্য।
আইপিএলের পয়েন্ট টেবিলে সাপ লুডোর লড়াই বেশ জমে উঠেছে। সব দলই অন্তত ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। কোনও কোনও দল খেলে ফেলেছে ৯টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের ছবিটা ঠিক কী রকম? প্লে অফের দৌড়ে রয়েছে কোন কোন দল?
পয়েন্ট টেবিল দেখলেই বোঝা যাচ্ছে যে, গত আইপিএলের দুই ফাইনালিস্ট দল – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস এবারও প্লে অফের দৌড়ে সকলের চেয়ে এগিয়ে। এবারের আইপিএলে একমাত্র অপরাজিত দল ছিল পঞ্জাব কিংস। তবে মঙ্গলবার তাদের প্রথম হারের স্বাদ দিয়েছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছেন শ্রেয়স আইয়াররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। সেই কারণে ১৩ পয়েন্টে রয়েছে পঞ্জাব। পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরাই।
পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছেন বিরাট কোহলি-রজত পাতিদারেরা। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। এবার খেতাবরক্ষার লড়াই তাদের। ৮ ম্যাচ খেলে ৬টি জিতেছে আরসিবি। ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে তারা।
১২ পয়েন্ট করেই পেয়েছে আরও দুটি দল। সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দুই দলই ৯টি করে ম্যাচ খেলে ৬টি করে ম্যাচ জিতেছে। নেট রান রেটে আরসিবির চেয়ে সামান্য পিছিয়ে থাকায় তিন ও চার নম্বরে রয়েছে হায়দরাবাদ ও রাজস্থান।
৮টি ম্যাচ খেলে ৪টি জিতেছেন শুভমন গিলেরা। হেরেছেন চারটি ম্যাচে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। বাকি ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতলেও খুলে যেতে পারে প্লে অফের দরজা।
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ৮টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে নিয়ে টেবিলে ৬ ও ৭ নম্বরে রয়েছে। কেকেআর ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে। ৯ নম্বরে মুম্বই। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে লখনউ সুপার জায়ান্টস।
আরও পড়ুন: চমকে দেওয়ার মতো এই সমীক্ষার ফল! সবার থেকে আলাদা! কী বলছে ‘পিপলস পালস-এর Exit Poll’?