Last Updated:
LPG Gas Cylinder: ৪০ দিনেও পাওয়া যাচ্ছে না রান্নার গ্যাস। এলপিজি সিলিন্ডারের ব্যাপক কালোবাজারির অভিযোগ। সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতির মুখে হোটেল-রেস্তোরাঁও।
কোচবিহারঃ একসময় রান্নার জন্য উনুন, স্টোভের ব্যবহার করা হলেও এখন এগুলির চল একপ্রকার উঠে গিয়েছে। শহর পেরিয়ে বহু গ্রামেও এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে গৃহস্থ বাড়ি, এখন প্রায় সর্বত্র এলপিজি সিলিন্ডারেই রান্না হয়। এবার কোচবিহারে সেই গ্যাসেরই দেদার কালোবাজারির অভিযোগ।
জানা যাচ্ছে, ৪০ দিনেও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে ২৫ দিন পর বুকিং দিচ্ছে সংস্থা। কিন্তু তা সত্ত্বেও গ্যাস মিলতে আরও প্রায় ১৫ দিন মতো লেগে যাচ্ছে। অভিযোগ, এই সুযোগে কর্মীদের একাংশকে কাজে লাগিয়ে কোচবিহার জেলা জুড়ে রান্নার গ্যাসের ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে।
এলপিজি সিলিন্ডার নিয়ে টানাপড়েনের এই পরিস্থিতিতে সকাল থেকে গ্যাসের দোকানগুলির সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ছে। তবে হাতেগোনা কয়েকজনই শেষ অবধি কুপন পাচ্ছেন। ফলে বাকিরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। প্রশ্ন উঠছে, প্রশাসনের নাকের ডগায় সবকিছু হলেও তাঁরা কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না?
এই বিষয়ে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান, আমজনতা থেকে ব্যবসায়ী, প্রত্যেকে গ্যাসের সমস্যার জন্য ভুগছেন। ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় খাবারের দোকানে পদ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন তাঁদের রোজগার কমছে, তেমনই বহু কারিগর কাজ হারাচ্ছেন।
জানা গিয়েছে, জেলা ব্যবসায়ী সমিতির তরফ থেকে গ্যাসের সমস্যার বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছিল। সেই সঙ্গেই যথাযথ পদক্ষেপ নেওয়ারও আবেদন জানানো হয়। এরপর কিছুসময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের সমস্যা দেখা দিয়েছে। বহু জায়গা থেকে এলপিজি সিলিন্ডারের কালোবাজারির অভিযোগও আসছে।
এই বিষয়ে শহরে রান্নার গ্যাস সরবরাহকারী এক সংস্থার তরফে জানানো হয়, তাঁরা নিয়ম অনুযায়ী গ্যাস সরবরাহ করছেন। কোথাও কোনও রকম অনিয়মের অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সব মিলিয়ে, রান্নার গ্যাসের কালোবাজারির রমরমায় বেশ সমস্যায় পড়েছেন কোচবিহারবাসী। গৃহস্থের হেঁশেল থেকে হোটেল, রেস্তোরাঁ, সর্বত্র এর প্রভাব পড়ছে। এই সমস্যা দূর করতে প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠলেও শেষ অবধি পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
LPG Gas Cylinder: ৯৬৬ টাকার সিলিন্ডারের দাম…! রান্নার গ্যাসের ব্যাপক কালোবাজারির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ
