চেন্নাই: স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর থেকেই জোর জল্পনা চলছিল। আইপিএলে (IPL 2027) চেন্নাই সুপার কিংসের (CSK) কোচ হিসাবে কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এমনকী, মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই সুপার কিংসের কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করতে পারেন বলেও গুঞ্জল ছিল ক্রিকেট মহলে।
অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটাল চেন্নাই সুপার কিংস। সোমবার তারা ঘোষণা করে দিল, ২০২৭ ,সালের আইপিএলে কাকে দেখা যাবে কোচ হিসাবে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা পেসার জ়াহির খানকে নিজেদের হেড কোচ হিসেবে নিয়োগ করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর থেকেই জোর আলোচনা চলছিল যে, পরের কোচ হিসেবে কোনও ভারতীয়কেই বেছে নেওয়া হবে। সেই পথেই হাঁটল সিএসকে। জ়াহির খানকে দায়িত্ব দেওয়া হল।
Left Arm “Taking” Over! 💫🦁
Welcoming Zaheer Khan as the Head Coach of Chennai Super Kings!#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2026
চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন ফ্লেমিং। ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন তিনি। জুলাই মাসে তাঁকে টেস্ট দলের হেড কোচ করেছে ইংল্যান্ড। তারপরই জ্যাককে দায়িত্ব দিল সিএসকে।
জ়াহিরের অবশ্য কোচিংয়ে অভিজ্ঞতা রয়েছে। ২০১৭ সাল থেকে কোচ বা মেন্টর হিসাবে কাজ করেছেন প্রাক্তন বাঁহাতি পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস – তিন দলের হয়ে আইপিএলে খেলেছিলেন। ২০১৯ সালের আইপিএলের আগে তাঁকে ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৫ সালে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হন। যদিও এক মরশুম পরেই দায়িত্ব ছাড়েন।
ক্রিকেটার হিসাবে ১০০ আইপিএল ম্যাচে ১০২টি উইকেট নিয়েছেন জ়াহির। দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, ‘আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলের দায়িত্ব নিতে পারাটা সম্মানের। ক্রিকেটার হিসাবে আমি সিএসকে-র বিরুদ্ধে খেলেছি। সেই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি। চিপকে সমর্থকেরা যে আবহ তৈরি করে, তা আরও স্পেশ্যাল অনুভূতি এনে দেয়। এরকম দলে যোগ দেওয়ার তর সইছে না।’
আরও পড়ুন: অমিত শাহর সঙ্গে বৈঠক গম্ভীরের, এশিয়ান গেমসের আগে জার্সি সমস্যা মিটল শ্রেয়সদের