Last Updated:
Lottery Money: বিদ্যুৎ মিটার রিডিং করতে গিয়েই ভাগ্য খুলল আনারুলের। মাত্র ৩৫ টাকার টিকিটে রাতারাতি কোটিপতি হয়ে চমকে দিলেন সকলকে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বিদ্যুৎ মিটার রিডিং করতে গিয়েই কপাল খুলল! ৩৫ টাকার টিকিটে এক লাফে কোটিপতি আনারুল! সকালে বাড়ি বাড়ি ঘুরে বিদ্যুৎ মিটারের রিডিং নেওয়া…এই ছিল প্রতিদিনের রুটিন। কিন্তু সেই সাধারণ দিনের মধ্যেই লুকিয়ে ছিল জীবনের সবচেয়ে বড় চমক! মাত্র ৩৫ টাকার একটি লটারি টিকিট..আর তাতেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ধলাবাড়ি গ্রামের যুবক আনারুল হক।
ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই যুবক পেশায় মিটার রিডার। বাবা চা-বাগানের শ্রমিক। সংসার চলে কষ্টে, স্বপ্নগুলোও ছিল ছোট ছোট। মাঝেমধ্যে শখ করে লটারি কাটতেন আনারুল। সেদিনও বারঘরিয়ার তপন সরকারের দোকান থেকে নাগাল্যান্ড স্টেট লটারির একটি টিকিট কিনেছিলেন। তারপরই জীবনের টার্নিং পয়েন্ট! ফল প্রকাশের পর দোকান থেকেই ফোন, “তোমার টিকিটে এক কোটি টাকার প্রথম পুরস্কার লেগেছে!”
প্রথমে বিশ্বাসই করতে পারেননি আনারুল। কিন্তু সত্যিটা বুঝতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় আনন্দে চোখে জল, মুখে হাসি। খবর ছড়াতে দেরি হয়নি। মুহূর্তে ধলাবাড়ি গ্রামে ভিড় জমায় প্রতিবেশীরা। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ সেলফি তুলছেন পুরো গ্রাম জুড়ে যেন উৎসবের আবহ। এখনই ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছেন আনারুল। পরিবারকে ভালভাবে গুছিয়ে তোলা, বাড়ি ঘর তৈরি করা এবং স্থায়ী আয়ের পথ তৈরি করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি গ্রামের মানুষের জন্য কিছু করার ইচ্ছাও প্রকাশ করেছেন আনারুল। স্বপ্ন যে এখন আর ছোট নয় ডানা মেলছে নতুন ডানা। পরিবারেও খুশির জোয়ার, বাবা-মায়ের মুখে গর্বের হাসি। একটি ছোট কাগজের টিকিট আর তাতেই বদলে গেল এক সাধারণ যুবকের জীবন।
Jalpaiguri,West Bengal
