Last Updated:
দীর্ঘদিন ধরে কাজ টলিউডে কাজ থেকে বঞ্চিত ছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য৷ স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর অনির্বাণকে নিয়ে সুদীপ্তার পোস্টে ফাটল বোমা!
কলকাতা: তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। দীর্ঘদিন ধরে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর করে নিজের একচেটিয়া দাপত্য দেখানোর অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে৷ টালিগঞ্জের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি ছিলেন স্বরূপ। দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল একাংশের কলাকুশলী এবং কর্মচারীদের। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন স্বরূপের দাপট ছিল। আগে থেকেই ছিল ভুরি ভুরি অভিযোগ, স্বরূপ গ্রেফতার হতে তা প্রকাশ্যে আনছেন একের পর এক অভিনেতা-কলাকুশলীরা৷
এবার একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন সুদীপ্তা চক্রবর্তী৷ স্বরূপের জমানায় ব্যান কালচারের কথা অনেকেই উল্লেখ করেছেন৷ বহু অভিনেতা এবং কলাকুশলীকে এই ব্যানের শিকার হন, ফলে তাঁরা কাজ পাননি দিনের পর দিন৷ বিশেষ করে একদল পরিচালক যাঁরা স্বরূপ বিশ্বাসের তৈরি অযৌক্তিক কাজের নিময় না মানার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন, তাঁরা হয়েছিলেন একঘরে৷ দিনের পর দিন তাঁরা কাজ পাননি৷ তাঁদের মধ্যে কেউ কেউ কাজের তাগিদে আপোস করেছিলেন, কিন্তু ১০ জন পরিচালক প্রথম থেকে তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন৷ সেই কথাই নিজের পোস্টে লিখেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী৷
ফেসবুকে সুদীপ্তার একটি পোস্ট টলিউডের ভাঙাচোরা চেহারারা আরও পরিষ্কার করেছে সাধারণ মানুষের সামনে৷ *****হারাধনের দশটি ছেলে ***** নাম দিয়ে অভিনেত্রীর এই পোস্ট ইতিমধ্যেই ১৩৩টি শেয়ার হয়েছে, ২৮৫ জন কমেন্ট করেছেন৷ সুদীপ্তা স্পষ্ট কথা বলেন, নির্ভীক এবং সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়৷ স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর টলিউডের সঙ্গে জড়িত অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু সুদীপ্তার এই পোস্টটি বিশেষ করে নজর কেড়েছে৷ তিনি লিখেছেন যে, বছর দেড়েক আগে ফেডারেশন সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন প্রায় দুশোর কাছাকাছি পরিচালক৷ কিন্তু পরবর্তীতে কাজের জন্য একে একে তাঁরা তাঁদের নিজেদের জায়গা থেকে সরে এসেছিলেন৷ অনেকেই নিজেদের প্রতিবাদ দূরে সরিয়ে আবার শ্যুটিং-এ ব্যস্ত হয়ে পড়েন৷ কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ছিলেন ১০জন পরিচালক৷ তাঁরা কাজ না পেয়েও প্রতিবাদ চালিয়ে গেছেন৷ সুদীপ্তার কথায়, “অপমানে কাঁধ ঝুঁকেছে, কিন্তু শিরদাঁড়া বাঁকানো যায়নি এঁদের”।
এই ১০জনের তালিকাও দিয়েছেন অভিনেত্রী৷ এদের মধ্যে শীর্ষে অনির্বাণ ভট্টাচার্যের নাম রেখেছেন সুদীপ্তা৷ বাকিরা, আশীষ সেন চৌধুরী, অভিষেক সাহা, বিদুলা ভট্টাচার্য, দেবাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল রায়চৌধুরী, কিংশুক দে, সুব্রত সেন, সুদেষ্ণা রায়, সুমিত দাম৷

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর অভিনেত্রী সুদীপ্তার পোস্ট
অনির্বাণ ভট্টাচার্যকে ব্যান করা হয়েছিল দীর্ঘদিন৷ অভিনেতা হিসেবেও তাঁর কাজ দেখা যাচ্ছিল না৷ কিন্তু তিনি নিজের মতো তাঁর গানের ব্যান্ড বানিয়ে সকলের নজর কেড়েছেন৷ এরপর দেব তাঁকে তাঁর পরিবর্তী ছবি দেশু৭-এ নিয়েছিলেন এই ব্যান কালচার উপেক্ষা করে৷
স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামনে আসছে একের পর এক অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার মহিলার মেক-আপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। অভিযোগকারী মেক-আপ আর্টিস্ট গিল্ডের সদস্য ছিলেন। তাঁর দাবি, গত প্রায় দু’বছর ধরে তিনি কোনও কাজ পাননি। কাজের সুযোগ চেয়ে যোগাযোগ করলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে ভয় দেখানোও হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁকে দীর্ঘদিন ধরে কাজ দিচ্ছিলেন না স্বরূপ বিশ্বাস। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর বাড়িতে গিয়ে স্বরূপ বিশ্বাসের লোকজন শাসিয়ে এসেছিলেন। তিনি কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন। সেটা দেখে দেব তাঁর ছবিতে ওই মেক-আপ আর্টিস্টকে কাজ দেন।
Kolkata,West Bengal
Jun 07, 2026 11:14 AM IST
