Last Updated:
Migrant Workers: ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য বাড়ি ফিরেছিলেন। ভোট উৎসব মিটতেই ফের জীবিকার টানে ভিনরাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। তার আগে জানালেন নিজেদের মনের কথা।
মেখলিগঞ্জ, কোচবিহারঃ বিধানসভা নির্বাচনের জন্য বাড়ি ফিরেছিলেন। ভোটপর্ব মিটতেই বিভিন্ন জেলার পরিযায়ী শ্রমিকরা ফের কাজে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার বিকেলে যেমন কোচবিহারের মেখলিগঞ্জ থেকে প্রায় ১৫০ জন শ্রমিক জীবিকার টানে ফের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন। তার আগে তাঁদের চোখেমুখে দেখা যায় কষ্টের ছাপ।
গত ২৩ এপ্রিল কোচবিহারে ভোট হয়েছে। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৬ দিন। আস্তে আস্তে ফের ভিনরাজ্যে ফিরতে শুরু করেছেন জেলার পরিযায়ী শ্রমিকরা। গতকাল উছলপুকুরি ও জামালদহ এলাকা থেকে প্রায় ১৫০ জন শ্রমিক ৫টি বাসে করে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন। কিন্তু তার আগে অনেকেই জানান, এভাবে পরিবারকে ছেড়ে দূরে যেতে খুব কষ্ট হয়।
গতকাল বাসে ওঠার মুখে বহু পরিযায়ী শ্রমিকের চোখে জল দেখা যায়। পেটের দায়ে পরিবার-পরিজনকে ছেড়ে দূরে যেতে হলেও তাঁদের চোখেমুখে ফুটে ওঠে অন্তরের কষ্ট। মহাদেব রায়, তপন বর্মন, মলিন বর্মন, অনিল বর্মনরা জানান, এভাবে বাড়ির লোককে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয়। বয়স্ক বাবা-মা, স্ত্রী, ছোট্ট সন্তান সবাইকে রেখে যেতে হয়। তবে কোনও উপায় নেই। কেন্দ্রের একশো দিনের কাজ করে হাতে কিছু টাকা আসত। তবে সেই কাজ বন্ধ। তাই সংসার চালানোর জন্য ভিনরাজ্যে যেতে হচ্ছে।
প্রসঙ্গত, কোচবিহারের পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতেই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের কাজে ফেরার ছবি। মঙ্গলবার মালদহ স্টেশনে দেখা গিয়েছিল শ্রমিকদের উপচে পড়া ভিড়। জীবিকার টানে কেউ মহারাষ্ট্র, কেউ কেরালা, কেউ আবার পাড়ি দেন হায়দ্রাবাদ, রাজস্থান বা কর্ণাটকের বেঙ্গালুরু।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Migrant Workers: “খুব কষ্ট হয়…”! ভোট মিটতেই চোখে জল নিয়ে ভিনরাজ্যের উদ্দেশে রওনা পরিযায়ী শ্রমিকদের, যাওয়ার আগে জানালেন মনের কথা
