Last Updated:
Fish Lovers: দিঘা নয়, মাছপ্রেমীদের নতুন ঠিকানা এখন মালদহ। দুই বোনের উদ্যোগে ভেটকি রোল, ফিশ মোমো, ফিশ কাটলেট-সহ নানা অভিনব মাছের পদ মন জয় করছে খাদ্যরসিকদের। স্বাদ, গুণমান ও নতুনত্বের মেলবন্ধনে তাঁদের এই উদ্যোগ এখন স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের ক্রেতাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মালদহ, জিএম মোমিন: দিঘা বা সমুদ্র উপকূল নয়, সি-ফুডের স্বাদ এবার মালদহে। মাছপ্রেমীদের জন্য এবার নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে মালদহ শহরের এই রেস্তোরাঁ। ভেটকি মাছ দিয়ে তৈরি প্রায় ২০ রকমের অভিনব পদ নিয়ে খাদ্যরসিকদের নজর কেড়েছে শহরের মনষ্কামনা রোড এলাকার একটি বিশেষ রেস্তোরাঁ। মাছে-ভাতে বাঙালির ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মালদহ শহরের মোকদমপুর এলাকার বাসিন্দা দুই বোন, পৌলমিত্রা চৌধুরি ও নন্দিতা শেঠ। দু’জনে যৌথভাবে এই রেস্তোরাঁ গড়ে তুলেছেন। পেশায় সঙ্গীতশিল্পী পৌলমিত্রা ২০১৮ সাল থেকে বিভিন্ন মঞ্চ ও রিয়ালিটি শোয়ে গান গেয়ে পরিচিতি পেয়েছেন। সঙ্গীতচর্চার পাশাপাশি ভিন্নধর্মী ব্যবসার ভাবনা থেকেই ‘মেছো’ এই রেস্তোরাঁর সূচনা। রেস্তোরাঁর বিশেষত্ব হল ভেটকি মাছ দিয়ে তৈরি নানা ধরনের পদ। মেনুতে রয়েছে ভেটকি রোল, ভেটকি ফ্রাই, ভেটকি ডায়মন্ড ফ্রাই, ভেটকি ফিঙ্গার, ভেটকি মোমো-সহ একাধিক লোভনীয় আইটেম। দামও বাজেটের মধ্যেই। মাত্র ৩৯ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে মিলছে জিভে-জল-আনা সব খাবার। এসব খাবার, ফলে সাধারণ মানুষের কাছেও রেস্তোরাঁটি জনপ্রিয় হয়ে উঠেছে। রেস্তোরাঁর মালিক পৌলমিত্রা চৌধুরি জানান, “মালদহবাসীকে মাছের অন্যরকম স্বাদ উপহার দিতেই এই উদ্যোগ। সাধারণ মাছের পদ ছাড়াও নতুন ধরনের খাবার পরিবেশনের চেষ্টা করেছি।”
রেস্তোরাঁয় আসা এক খাদ্যরসিক মোহাম্মদ হাসিম বলেন, “এত ধরনের মাছের পদ একসঙ্গে আগে কোথাও দেখিনি। মাছের মোমো, রোল থেকে শুরু করে নানা ধরনের ফ্রাই… সবকিছুর স্বাদই খুব ভাল। খাবারের মধ্যে যেমন বৈচিত্র্য আছে, তেমনই রয়েছে বাঙালিয়ানার আবহ।”
শুধু খাবার নয়, রেস্তোরাঁর পরিবেশও আলাদা মাত্রা যোগ করেছে। ঐতিহ্যবাহী মুখোশ, বাঁশ এবং পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে গোটা রেস্তোরাঁ। টেবিল-চেয়ার থেকে শুরু করে অভ্যন্তরীণ সজ্জা, সবকিছুতেই রয়েছে গ্রামীণ বাঙালিয়ানার ছোঁয়া। বিকেল নামলেই সেখানে ভিড় জমাচ্ছেন খাদ্যপ্রেমীরা। মাছপ্রেমীদের কাছে মালদহের এই রেস্তোরাঁ এখন নতুন এক গন্তব্য।
Maldah,West Bengal
Jun 11, 2026 10:31 AM IST
দিঘা নয়, মাছের স্বর্গ এখন মালদহে! ভেটকি রোল থেকে মোমো…মাছের লোভনীয় পদ বানিয়ে তাক লাগাচ্ছেন দুই বোন