Last Updated:
Murshidabad News: কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার রেশ এবার মুর্শিদাবাদে। বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘চেয়ার আঁকড়ে বসে থাকতে চাই না’।
বেলডাঙা: বেলডাঙা পৌরসভার রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক বড়সড় পদক্ষেপ নিলেন পৌর প্রধান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন পৌর প্রধান। রাজ্যে পালাবদলের পরেই মুর্শিদাবাদ জেলাতে প্রথম কোনও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।
পদত্যাগের পর তিনি জানান, সাধারণ মানুষ অত্যন্ত আশা, আকাঙ্ক্ষা ও ভরসা নিয়ে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে পৌরসভায় পাঠিয়েছিলেন। তাঁদের প্রতি তাঁর অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু বিগত প্রায় এক মাস ধরে পৌরসভার সমস্ত কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। রাজনৈতিক পালাবদলের এই আবহে শুধুমাত্র চেয়ার আঁকড়ে বসে থাকার কোনও মানে হয় না। চেয়ার ধরে রেখে যদি মানুষের কাজই না করা যায়, তবে সেই পদে থাকার কোনও যৌক্তিকতা নেই।”
তিনি আরও বলেন, পৌরসভাকে এভাবে অচল করে রেখে কোনও লাভ নেই। তিনি চান বেলডাঙার মানুষ যেন সঠিক পরিষেবা পান। তবে পৌর প্রধানের পদ ছাড়লেও নিজের ওয়ার্ডের বাসিন্দাদের প্রতি তাঁর দায়িত্ব থেকে তিনি পিছু হটছেন না। কাউন্সিলর হিসেবে নিজের ওয়ার্ডের মানুষদের যেভাবে পরিষেবা দেওয়া দরকার, তিনি আগামী দিনেও ঠিক সেভাবেই পাশে থেকে কাজ করে যাবেন।
পৌর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে বিগত ১০ বছরের কাজের খতিয়ান টেনে তিনি স্পষ্ট জানান, দীর্ঘদিন কাজ করার ফলে মানুষের কিছু ক্ষোভ বা অভিযোগ থাকতেই পারে। তবে তাঁর বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনও অভিযোগ থাকে, তবে তার স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, এতে তাঁর কোনও আপত্তি নেই। মূলত পৌরসভার অচলাবস্থা কাটিয়ে নাগরিকদের পরিষেবা সচল করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আকস্মিক ইস্তফায় বেলডাঙার রাজনৈতিক মহলে এখন জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
