Last Updated:
West Bardhaman News: বিজয় উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিছিল শেষে উপস্থিত সকলের জন্য ‘মাছ-ভাত’-এর এলাহী ভূরিভোজ। বিজয় উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই আলিনগর গ্রামের পরিবেশ ছিল উৎসবমুখর। এই বিজয় মিছিলে বহু সাধারণ মানুষের ভিড় চোখে পড়েছে।
জামুরিয়া, পশ্চিম বর্ধমান: নতুন সরকার গঠনের পর এবার বাংলাজুড়ে শুরু হয়েছে বিজেপির বিজয় উৎসবের পালা। জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজন মুখোপাধ্যায়ের জয়লাভের পর এক অভিনব উদযাপনের সাক্ষী থাকল খনি অঞ্চল। জামুড়িয়া মণ্ডল টু-এর শ্যামলা অঞ্চলের আলিনগর গ্রামে আয়োজন করা হয়েছিল বিজয় শোভাযাত্রার।
এই বিজয় উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মিছিল শেষে উপস্থিত সকলের জন্য ‘মাছ-ভাত’-এর এলাহী ভূরিভোজ। বিজয় উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই আলিনগর গ্রামের পরিবেশ ছিল উৎসবমুখর। এই বিজয় মিছিলে যেমন বহু সংখ্যক সাধারণ বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় চোখে পড়েছে, তেমনই বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় আদিবাসী মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ঐতিহ্যবাহী শিং বাজনার চেনা ছন্দে পা মিলিয়ে এবং একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে এক অভূতপূর্ব উল্লাসে মেতে ওঠেন উপস্থিত সকলেই। তবে শুধু রাজনৈতিক স্লোগান বা আবির খেলাতেই সীমাবদ্ধ ছিল না এই উদযাপন। খনি অঞ্চলের এই গ্রামে সম্প্রীতি ও আনন্দের মেলবন্ধন ঘটাতে দুপুরের মেনুতে রাখা হয়েছিল খাঁটি বাঙালি খাবার।
গরম ভাত আর মাছের ঝোলে মেতে ওঠেন স্থানীয়রা। শোভাযাত্রায় অংশ নেওয়া কর্মী-সমর্থক থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ, সকলের জন্যই এই ভূরিভোজের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের মতে, এই জয় কেবল দলের নয়, এটি জামুড়িয়ার আপামর মানুষের জয়, আর সেই আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই এই যৌথ মধ্যাহ্নভোজের পরিকল্পনা।
Asansol,Barddhaman,West Bengal
West Bardhaman News: জামুড়িয়ায় জয়ের খুশিতে গরম ভাত আর মাছের ঝোল, বিজয় উৎসবে এলাহি আয়োজন বিজেপির! স্থানীয়দের উল্লাস দেখার মতো
