Last Updated:
সূত্রের খবর, উদ্ধবপন্থী শিবসেনার অন্তত ৬ জন বিক্ষুব্ধ সাংসদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন৷ বিদ্রোহী তৃণমূল সাংসদদের মতো তাঁরাও এনডিএ -কে সমর্থন জানাতে পারেন৷
তৃণমূলের বিদ্রোহী অনেক নেতাই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছেন৷ তৃণমূলের ক্ষমতার রাশ অভিষেকের হাতে চলে যাওয়ায় আপত্তি জানিয়ে তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিক্ষুব্ধ অনেক নেতা৷
এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে উদ্ধব ঠাকরের শিবসেনাতেও? সূত্রের খবর, উদ্ধবের দলেও তাঁর ছেলে আদিত্যকে আরও বড় দায়িত্ব দেওয়ার জল্পনা ছড়িয়েছিল৷ আদিত্যর হাতে আরও ক্ষমতা দেওয়ার এই খবর ছড়িয়ে পড়ার পরই উদ্ধবের দলে ভাঙন আরও তরান্বিত হয়েছে বলেই সূত্রের খবর৷
খবর ছড়িয়েছিল, আগামী ১৯ জুন শিবসেনার প্রতিষ্ঠা দিবসেই ছেলে উদ্ধবের নতুন দায়িত্বের কথা ঘোষণা করতে পারেন উদ্ধব ঠাকরে৷ সেই জল্পনা ছড়াতেই এনডিএ-এর দিকে ঝুঁকে পড়েছেন উদ্ধবের দলে ৯ জনের মধ্যে ৬ জন লোকসভার সাংসদ৷ মহারাষ্ট্রের রাজনীতিতে এই শিবির বদলের নাম দেওয়া হয়েছে অপারেশন টাইগার৷
২০০৩ সালে মহাবালেশ্বরে ছেলে উদ্বব ঠাকরের নাম দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন প্রয়াত বালাসাহেব ঠাকরে৷ নিউজ 18 মরাঠির দাবি অনুযায়ী, আগামী ১৯ মে একই আদিত্যকেও দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করে রেখেছিলেন উদ্ধব৷ সূত্রের খবর, দল যাতে আরও আগ্রাসী রাজনীতি করে এবং আরও তথ্যপ্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারে, আদিত্যকে সেই দায়িত্বই দিয়েছিলেন উদ্ধব৷
যদিও তাঁকে নিয়ে এই জল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন আদিত্য ঠাকরে৷ তাঁর দাবি ছিল দলে তাঁর জন্য কোনও পদের কথা ভাবা হয়নি৷ সূত্রের খবর, দলের ভিতরে আদিত্যর উত্থানের খবরে অখুশি ছিলেন উদ্ধবপন্থী শিবসেনার একাধিক সিনিয়র সাংসদ৷ তাঁদের মধ্যে অনেকেরই আদিত্যর কাজের ধরনে আপত্তি ছিল৷ এমন কি, আদিত্যকে অহঙ্কারী বলেও ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন তাঁরা৷ উদ্ধব ঠাকরের শিবসেনার একাধিক বিদ্রোহী সাংসদের অভিযোগ, নিজেদের সংসদীয় এলাকার বিষয়ে কথা বলার জন্য দেখা করতে চাইলেও সময় দিতেন না আদিত্য ঠাকরে৷
২০২২ সালে শিবসেনায় প্রথম বড়সড় ভাঙন ধরেছিল৷ একনাথ শিন্ডের নেতৃত্বে দল ছেড়েছিলেন একাধিক বিধায়ক৷ উদ্ধব পন্থী এবং একনাথ শিন্ডে পন্থী শিবসেনায় ভেঙে দু ভাগ হয়ে গিয়েছিল দল৷ ফের একবার বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের দল৷
Kolkata,West Bengal
Jun 17, 2026 10:03 PM IST
