Last Updated:
East Bardhaman News: উৎসবের আমেজ নিমেষেই বদলে গেল আতঙ্কে। পূর্ব বর্ধমানের কালনায় একদল সুসংগঠিত চোর এক রাতেই পরপর তিনটি বসতবাড়িতে ঢুকে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং গবাদি পশু নিয়ে চম্পট দিয়েছে। চুরির অভিনব কৌশল দেখে অবাক সকলে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: জামাই ষষ্ঠীর রাতে দুঃসাহসিক চুরি! ছাগলের মুখে টেপ বেঁধে খাসি উধাও, পাশাপাশি আরও দুই বাড়িতে হাত সাফাই। জামাই ষষ্ঠীর উৎসবের আবহের মধ্যেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায়। চোরদের অভিনব কায়দা দেখে রীতিমতো হতবাক এলাকাবাসী।
অভিযোগ, বাড়ির ছাগলগুলি যাতে চিৎকার করে কাউকে সতর্ক করতে না পারে, সেই কারণে তাদের মুখে টেপ বেঁধে দিয়ে দু’টি বড় খাসি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। একই রাতে পাশাপাশি আরও দু’টি বাড়িতে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনাও ঘটেছে। স্থানীয় বাসিন্দা নিলুফার বিবি জানান, তাঁদের বাড়িতে থাকা দু’টি বড় খাসি রাতের অন্ধকারে চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, একটি ধাড়ি ছাগল মৃত পড়ে রয়েছে এবং তার সঙ্গে থাকা দু’টি বাচ্চা ছাগলের মুখেও টেপ জড়ান। পরে তিনি নিজেই সেই টেপ খুলে দেন।
তাঁর অভিযোগ, চোরেরা পরিকল্পিতভাবেই ছাগলগুলির মুখ বেঁধে দিয়েছিল যাতে তারা চিৎকার করতে না পারে এবং চুরির সময় কাউকে সতর্ক করতে না পারে।অন্যদিকে, গ্রামেরই আরেক বাসিন্দা রানু বিবি জানান, তাঁর শাশুড়ি দীর্ঘদিন ধরে একটি আলাদা ঘরে শুয়ে থাকতেন। তবে সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পরিবারের অন্য সদস্যদের ঘরে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগেই ফাঁকা ঘরে ঢুকে নগদ টাকা-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই রাতে নতুনগ্রামের আরও একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। সেখান থেকেও নগদ টাকা ও অন্যান্য সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ। পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকাজুড়ে। বাসিন্দাদের দাবি, উৎসবের রাতকে কাজে লাগিয়েই সংঘবদ্ধ চোরের দল এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একই রাতে পরপর একাধিক বাড়িতে চুরি, তার উপর ছাগলের মুখে টেপ বেঁধে খাসি চুরি, এই ঘটনাকে কেন্দ্র করে নতুনগ্রাম জুড়ে এখন তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Jun 21, 2026 10:01 PM IST