Last Updated:
Bankura News: নিয়মিত সম্মানিক, ভাতা বৃদ্ধি এবং পরিচয়পত্রের দাবিতে খাতড়া বিডিও অফিসে বিক্ষোভে সামিল হলেন আইটিসিআরপি কর্মীরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ করলেও পর্যাপ্ত আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। জমা দিয়েছেন স্মারকলিপিও।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: চড়া রোদ, কোলে ছোট্ট শিশু, তবুও দাবিতে অনড় মহিলারা। খাতড়া বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত আইটিসিআরপি মহিলা কর্মীরা। নিয়মিত ও স্থায়ী সাম্মানিক প্রদান, সাম্মানিক বৃদ্ধি এবং সচিত্র পরিচয়পত্রের দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। শুধু স্মারকলিপিই নয়, দাবির সমর্থনে অফিস চত্বরে অবস্থান বিক্ষোভেও সামিল হন কর্মীরা।
জানা গিয়েছে, খাতড়া ব্লকের সাতটি সংঘে মোট ৭২ জন আইটিসিআরপি কর্মী দীর্ঘদিন ধরে স্বনির্ভর গোষ্ঠীর ডিজিটালাইজেশন, আজীবিকা প্রকল্প, ভিপিআরপি-সহ বিভিন্ন সরকারি সমীক্ষার কাজ করে চলেছেন। কিন্তু অভিযোগ, তিন বছর ধরে তারা নিয়মিত কোনও সম্মানিক পাননি। কর্মীদের দাবি, কেউ বছরে মাত্র ৫০০ টাকা, কেউ ৩০০ টাকা, আবার কেউ ২০০ টাকা করে ভাতা পেয়েছেন। এত কম অর্থে সংসার চালানো তো দূরের কথা, কাজের প্রতি উৎসাহ বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা।
আইটিসিআরপি কর্মীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার, আজীবিকা প্রকল্প, ভিপিআরপি, জন্ম-মৃত্যুর তথ্য সংগ্রহ সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজে তাদের নিয়মিত মাঠে নামতে হয়। অথচ নেই কোনও নির্দিষ্ট সম্মানিক, এমনকি নেই পরিচয়পত্রও। ফলে কাজ করতে গিয়েও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই দ্রুত নির্দিষ্ট ও নিয়মিত সম্মানিক চালু করা, সম্মানিক বৃদ্ধি এবং সচিত্র পরিচয়পত্র প্রদানের দাবিতে বিডিওর পাশাপাশি মহকুমা শাসকের কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
বিক্ষোভে সামিল হওয়া মহিলাকর্মীরা স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সমস্যার কোনও স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। আপাতত খাতড়া বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে নিজেদের দাবি তুলে ধরেছেন কর্মীরা, এখন প্রশাসনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।তবে, তাঁদের ভরসা, শীঘ্রই সমাধান হবে এই সমস্যার।
Bankura,Bankura,West Bengal