Last Updated:
Mumbai Heavy Rain Alert: রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই ও শহরতলির একাধিক এলাকা, জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির জেরে ট্রান্স হারবার রেল পরিষেবা বন্ধ, একাধিক রাস্তায় জল জমে জনজীবন ব্যাহত হয়েছে।
মুম্বইঃ রাতভর প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বই। পরিস্থিতির অবনতির জেরে বুধবার মুম্বই, শহরতলি এবং পালঘর জেলায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। থানে জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা, অন্যদিকে রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মুম্বইয়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ঘণ্টায় ৪১ থেকে ৬১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার রাত থেকে কল্যাণ, ডোম্বিভলি, কারজাত এবং নেরাল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ২৩ জুন সকাল ৮টা থেকে ২৪ জুন রাত ২টো পর্যন্ত শহরে ৭৮ মিমি, পূর্ব শহরতলিতে ৮৭ মিমি এবং পশ্চিম শহরতলিতে ১১৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
#WATCH | Maharashtra | An underpass in Mumbai’s Andheri area was closed after it was flooded due to severe water logging amid heavy rains in the city.
A BMC Official Rhitik says, “… We have not been able to find a temporary solution for this severe water logging… Our… pic.twitter.com/QsN7WbXjYw
— ANI (@ANI) June 23, 2026
প্রবল বর্ষণের জেরে কোপার খৈরানে এবং তুরভে স্টেশনের মাঝের রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রান্স হারবার রুটে দুই দিকেই ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জল জমে যাওয়ায় অন্ধেরির একটি সাবওয়ে বন্ধ করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। জলমগ্ন সাবওয়ে পার হতে গিয়ে এক অটোচালক মাঝপথে আটকে পড়েন। পরে পুরকর্মীরা তাঁকে উদ্ধার করেন।
দাদর স্টেশনের পূর্ব দিকে একটি গাছ গাড়ির উপর ভেঙে পড়ে। যদিও ঘটনায় কেউ আহত হননি। পাশাপাশি, বসই-ভিরার এলাকাতেও জল জমা, গাছ উপড়ে পড়া এবং যান চলাচলে বিঘ্নের ছবি সামনে এসেছে। নিম্নাঞ্চলে জল জমা ও যানজটের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
Kolkata,West Bengal
