কিন্তু একটি সমস্যা ছিল—এটা একটি সম্বন্ধ করে ঠিক হওয়া বিয়ে। আর কয়েক মাস পরেই, অভিযোগ অনুযায়ী, কেতনকে হত্যা করেন সিয়া এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। সিয়া ও চেতন দু’জনকেই গ্রেফতার করা হয়েছে এবং ২৯ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
কেতন আগরওয়াল–সিয়া গোয়ালের সম্পর্ক:
পুণের কাছে পিম্পরি-চিঞ্চওয়াড়ে কেতনের পরিবারের একটি সুপরিচিত কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে এবং ২৬ বছর বয়সি কেতন তাঁদের পারিবারিক রিয়েল এস্টেট সংস্থার একজন পরিচালক ছিলেন।
কেতনের পরিবার সিয়া গোয়ালকে পাত্রীরূপে পছন্দ করে। সিয়ার পরিবার শুকনো ফলের (ড্রাই ফ্রুটস) ব্যবসার সঙ্গে যুক্ত। বাণিজ্য বিভাগের ছাত্রী সিয়া একটি বেকারি ব্যবসাও শুরু করার চেষ্টা করছিলেন। ফেব্রুয়ারিতে তাঁদের বাগদান সম্পন্ন হয় এবং নভেম্বর মাসে বিয়ের দিন নির্ধারিত ছিল।
বালিতে প্রি-ওয়েডিং ফটোশুট:
বালির সমুদ্রসৈকতকে কেন্দ্র করেই একটি প্রি-ওয়েডিং ফটোশুটের পরিকল্পনা করা হয়েছিল। ওই সফরে কেবল কেতন ও সিয়াই নন, আরও দু’জনেরও তাঁদের সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর দেখা যায়, কেতনের পাসপোর্ট নিখোঁজ। ফলে পুরো সফর বাতিল করতে হয়।
কেতনের বাবা বিশাল আগরওয়াল বলেন, “৬ জুন তাঁদের বালির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। চারজন একসঙ্গে ভ্রমণ করছিলেন, কিন্তু শুধু কেতনের পাসপোর্টই চুরি হয়ে যায়। সেই কারণে তাঁকে বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয়। তখন আমরা বিষয়টিকে গুরুত্ব দিইনি বা ভাবিনি যে কেন শুধু কেতনের পাসপোর্টই হারিয়ে গেল।”
পরে পুলিশ জানায়, সিয়াই ইচ্ছাকৃতভাবে কেতনের পাসপোর্ট লুকিয়ে রেখেছিলেন। পুণে গ্রামীণ জেলার পুলিশ সুপার সন্দীপ সিং গিল বলেন, “আমাদের তদন্তে জানা গিয়েছে যে সিয়া কেতনের সঙ্গে বালি যেতে না চাওয়ার কারণেই তাঁর পাসপোর্ট লুকিয়ে রেখেছিলেন।”
জাঁকজমকপূর্ণ বিয়ের প্রস্তুতি:
কেতন ও সিয়ার দুই পরিবার রাজস্থানে একটি বিলাসবহুল বিয়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। অনুষ্ঠানটি নভেম্বর মাসে উদয়পুরে হওয়ার কথা ছিল।
খবর অনুযায়ী, জয়পুরের একটি প্রাসাদ ১৭ কোটি টাকায় বুক করা হয়েছিল এবং অতিথিদের নিয়ে যাওয়ার জন্য দুটি ব্যক্তিগত বিমানও ভাড়া করা হয়েছিল।
কেতন আগরওয়াল, সিয়া গোয়াল ও চেতন চৌধুরী:
দুই পরিবারই বিশ্বাস করত যে কেতন ও সিয়া একে অপরের জন্য উপযুক্ত জীবনসঙ্গী। কিন্তু পুলিশের দাবি, সিয়া এই বিয়েতে খুশি ছিলেন না, কারণ তাঁর চেতন চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ।