হাওড়া, রাকেশ মাইতি : আন্দুলের সৃজন পোড়েল এখন বাংলার গর্ব! মাত্র ৪ বছর বয়সে গানের হাতেখড়ি, জি বাংলার ‘সা রে গা মা পা’-র টপ ফাইভে, মা-বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের লড়াইয়ে গ্র্যান্ড ফিনালের আগে উচ্ছ্বাস হাওড়াজুড়ে। জি বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-র মঞ্চে হাওড়ার আন্দুলের ছেলে সৃজন পোড়েল এখন অন্যতম আলোচিত নাম। একের পর এক অনবদ্য পারফরম্যান্সে বিচারক ও দর্শকদের মন জয় করে তিনি পৌঁছে গিয়েছেন প্রতিযোগিতার টপ ফাইভে।পরিবারের প্রথম গায়ক হিসেবে আজ সারা বাংলার দর্শকের কাছে পরিচিতি পেলেও, এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম, অধ্যবসায় এবং বাবা-মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণের লড়াই। আগামী ২৮ তারিখ গ্র্যান্ড ফিনালের মঞ্চে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। ইতিমধ্যেই টপ ফাইভে নিজের জায়গা নিশ্চিত করেছেন সৃজন। এখন সবার নজর, আন্দুলের এই তরুণ শিল্পী শেষ পর্যন্ত কত নম্বর স্থান দখল করেন। সেই দিনটির অপেক্ষায় এখন সৃজনের পরিবার, অনুরাগী এবং গোটা হাওড়া।
