Last Updated:
Attack In Karachi: নিষিদ্ধ ঘোষিত জামাত-উল-আহরার সংগঠন গুলিস্থান-ই-জোহরে সিন্ধু রেঞ্জার্স সদর দফতরে হামলা চালায়। এলাকায় উচ্চ সতর্কতা জারি রয়েছে।
করাচি: শনিবার রাতে ফের বড়রকমের সন্ত্রাসী হামলা পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে। সন্ত্রাসীরা সিন্ধু রেঞ্জার্সের সদর দফততরে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী দ্রুত ছয়জন সন্ত্রাসীকে হত্যা করে এবং একজন হামলাকারীকে জীবিত আটক করে। ৯০ মিনিটের এই সংঘর্ষে চারজন রেঞ্জার্স সদস্যও নিহত হন।
ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের অক্টোবরের পর করাচিতে এটিই প্রথম বড় সন্ত্রাসী হামলা, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের মতে, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী সন্ত্রাসী সংগঠন জামাত-উল-আহরারের সাতজন জঙ্গি শনিবার রাত প্রায় সাড়ে ৮টায় করাচির জনবহুল গুলিস্থান-ই-জোহর এলাকায় সিন্ধু রেঞ্জার্সের ভিট্টাই শাখার সদর দফতরে হামলা চালায়। জঙ্গিরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে প্রধান ফটকে ধাক্কা মেরে চত্বরে প্রবেশ করে৷ এরপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি নির্বিচারে গুলি চালাতে শুরু করে। হামলার পরপরই রেঞ্জার্সের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পরে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ) কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর (এটিএফ) দলও ঘটনাস্থলে পৌঁছায়। যৌথ অভিযান চলাকালে প্রায় দেড় ঘণ্টা ধরে এক তুমুল বন্দুকযুদ্ধ চলে, যার পর নিরাপত্তা বাহিনী ছয়জন সন্ত্রাসীকে হত্যা করে এবং একজন আহত হামলাকারীকে জীবিত আটক করে। তবে এই সংঘর্ষে চারজন রেঞ্জার্স সদস্যও প্রাণ হারান। ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। রেঞ্জার্স সদর দফতরের চারপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
নিরাপত্তা অভিযান চলাকালে নিকটবর্তী কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকেও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। জামাত-উল-আহরা টিটিপি-র একটি উগ্রপন্থী অংশ, যা মূলত পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সক্রিয়। সংগঠনটি এর আগেও নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা এবং সাধারণ নাগরিকদের ওপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
