Last Updated:
Kunal Ghosh: ‘বুকভরা অভিমান নিয়ে দমবন্ধ অবস্থায়’, কাদের কথা বললেন কুণাল? তৃণমূলের কোনঠাসা অবস্থায় এবার আরও বড় বিপর্যয়ের গন্ধ?
কলকাতা: ২০২৬ এর বিধানসভা নির্বাচনে চরম বিপর্যয়ের পর থেকে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। একসময়ে যাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ হিসেবে দলীয় মঞ্চে আলো কাড়তেন আজ তাঁরাই একে একে দল ছেড়েছেন।
একসময় যাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক বলে ভাবা হত, সেই সব হেভিওয়েটরাও হাত ছেড়েছেন মমতার। যদিও এই দুর্দিনেও নেত্রীকে ছেড়ে যাননি জনা কয়েক হাতে গোনা বিধায়ক-মন্ত্রী। তাঁদের মধ্যেই অন্যতম কুণাল ঘোষ। রয়ে গিয়েছেন মদন মিত্রের মতো প্রবীণ নেতারাও। কিন্তু এবার কি সেই চেনা সমীকরণও বদলে যেতে চলেছে? আচমকাই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বড় বার্তা তৃণমূল কংগ্রেসের।
সামাজিক মাধ্যমে তাঁর একটি দীর্ঘ ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন বেলেঘাটার বিধায়ক। আর কুণাল ঘোষের সেই পোস্ট ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন তোলপাড় শুরু হয়েছে। সোমবার সকালে এই পোস্ট দিয়ে কুণাল ঘোষ লিখেছেন, “তৃণমূল ভোটে হারায় ভালই হয়েছে।” স্বভাবতই এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ঠিক কি লিখেছেন কুণাল ঘোষ?
কুণাল ফেসবুকে দেওয়া এই পোস্টে লিখেছেন, “৪ মে তৃণমূল কংগ্রেসের সরকার পরাজিত হওয়ার পর খারাপ লেগেছিল। নিজের দল হারলে যেমন লাগে। বেলেঘাটায় আমার জয়টাও তেমন আনন্দ দিতে পারেনি। কিন্তু আজ মনে হচ্ছে যা হয়েছে, ভাল হয়েছে। যদি তৃণমূল জিতত, এই বিশ্বাসঘাতকরাই স্তাবক হয়ে দিদিকে ঘিরে রাখত; যারা সুবিধেবাদী, তারাই বন্ধু সেজে আমাদের সঙ্গে মিশত। কিছু চোর-ডাকাত, যাঁরা নিজেদের বাঁচাতে সাধু সাজছে, তাঁরা আরও লাগামছাড়া চুরি করত। দলের কারও কারও ঔদ্ধত্য ও অহঙ্কার আরও বাড়ত। কিছু দলে ঢোকা ক্রিমিনাল বিরোধীদের উপর বাড়াবাড়ি রকম দমনপীড়ন করত, দলের একাংশকেও ছাড়ত না। কিছু অরাজনৈতিক সেলিব্রিটি অকারণে মঞ্চ আলো করে বসে জনপ্রতিনিধির সুবিধে নিত; একাংশের পুলিশ, আমলা, বুদ্ধিজীবী, শিল্পমহল, হাফবুদ্ধিজীবী কিছু মুখোশধারী দলটাকে আরও ব্যবহার করে নিজেদের অঙ্ক সাজাতো এবং প্রকৃত কর্মী, সংগঠক, শুভানুধ্যায়ীরা উপেক্ষিত থাকতেন। বুকভরা অভিমান নিয়ে দমবন্ধ অবস্থা নিয়ে পিছনের বেঞ্চে বসে দলটা করতেন। এই ভোটের ফল হয়ত দলের ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু আবর্জনা সাফ করে মানুষ চিনতে সাহায্য করেছে।
বড় বার্তা দিয়ে কুণাল ঘোষ লেখেন, “মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়। আর সর্বত্র দলকে প্রকৃত ভালোবাসা কর্মীরা। তৃণমূল কংগ্রেস লড়াই চালাবে। মেদ ঝরেছে, মেদ ঝরছে, আপাতদৃষ্টিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও সময়ের পরীক্ষা দলকে আগামীর জন্য শক্তিশালী করছে। আরে, ক্ষমতামুখী সুবিধেবাদী স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যেও দম দরকার। মানুষ নজর রাখছেন। তাঁদের বিচারই শেষ কথা।”
Kolkata,West Bengal
