Last Updated:
বজরংবলীর পুজোর সময় হাজির হনুমান, এসে প্রসাদ খেল, পুজো দেখল সে। এর জেরে মানুষ ও পশুর এক শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত তৈরি হল বেলদায়
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক অদ্ভুত কাণ্ড ঘটল। একদিকে যখন ধুমধাম করে চলছে বজরংবলীর পুজো, ঠিক তখনই সেখানে আচমকা হাজির এক হনুমান। কাউকে বিন্দুমাত্র পরোয়া না করে সটান মণ্ডপে বসে দিব্যি প্রসাদ খেতে শুরু করল সে! আর এই অভাবনীয় দৃশ্য দেখেই রীতি মতো হতবাক হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। পুজোর আসরে এমন কাণ্ডের জেরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে গোটা নেট দুনিয়ায়। হনুমানের প্রসাদ খাওয়ার ভিডিও হুহু করে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়াতে।
সাধারণত হনুমান মানুষের ভিড় বা কোলাহল এড়িয়ে চলতেই ভালবাসে। স্বভাবগত ভাবে তারা বেশ ভীতু প্রকৃতির হয়। কিন্তু বেলদার এই পুজোমণ্ডপে দেখা গেল একেবারে অন্য চিত্র। ঢাক-ঢোল আর মাইকের কানফাটান আওয়াজকে সম্পূর্ণ উপেক্ষা করে নির্ভয়ে সেখানে বসে থাকতে দেখা যায় হনুমানটিকে। শুধু তাই নয়, দিব্যি কলার খোসা ছাড়িয়ে ফলমূল, এমনকি তুলসী পাতাও খেতে শুরু করে সে। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান খোদ পূজারি থেকে শুরু করে উপস্থিত ভক্তরাও। তবে কেউ তাকে তাড়ানোর চেষ্টা করেননি, উল্টে তার সামনে আরও বেশি করে এগিয়ে দেওয়া হয় প্রসাদি ফলমূল। এই ঘটনা ঘিরে নানা মুনির নানা মত।
এই দৃশ্য যে মানুষ এবং পশুর এক শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত তৈরি করল, তা নিঃসন্দেহে বলা যায়। ধর্মীয় বিশ্বাস আর পশুপ্রেম— দুই মিলেমিশে বেলদার এই ঘটনা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। হনুমানের এমন মজার দৃশ্য দেখে খুশী সাধারণ মানুষও।
Paschim Medinipur,West Bengal