Last Updated:
VISA: দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা (Tourist Visa) দেওয়া শুরু করল ভারত সরকার। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পর্যটক, ব্যবসায়ী এবং সীমান্তবর্তী এলাকার বহু মানুষ।
গেদে, মৈনাক দেবনাথ: ভারত-বাংলাদেশ মৈত্রী ও যাতায়াতের নতুন দিগন্ত, টুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মনে স্বস্তি! দীর্ঘ বিরতির পর, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় টুরিস্ট ভিসা পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত তাদের ভিসা নীতিতে কঠোরতা আরোপ করতে বাধ্য হয়েছিল।
এতদিন মূলত শুধু মেডিক্যাল ও অত্যন্ত জরুরি প্রয়োজনেই অত্যন্ত সীমিত পরিসরে ভিসা প্রদান করা হচ্ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট এই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিসা আবেদন কেন্দ্র থেকে পুনরায় টুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। দীর্ঘদিন পর ভারতীয় হাইকমিশনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে উভয় দেশের সাধারণ নাগরিক, ভ্রমণপ্রেমী এবং ব্যবসায়ীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা খাদেমুল ইসলাম এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দুই দেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সংস্কৃতি, সামাজিকতা ও আত্মীয়তার বন্ধন দীর্ঘদিনের ও অত্যন্ত গভীর। টুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার ফলে পারিবারিক যোগাযোগ, পর্যটন এবং উন্নত চিকিৎসার জন্য যাতায়াত অনেক সহজ হয়ে উঠবে, যা দুই দেশের মানুষের আত্মিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে। সব মিলিয়ে, এই টুরিস্ট ভিসা পরিষেবা পুনরায় চালু করাকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Nadia,West Bengal
Jun 30, 2026 11:58 PM IST