Last Updated:
Belda Super Speciality Hospital: এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চিকিৎসার নতুন দিশা দেখাল বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধির পর প্রথম দিনেই এক প্রৌঢ়ের সফল অস্ত্রোপচার সারলেন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে কোন কোন অপারেশন এখানে করা যাবে, দেখে নিন তালিকা।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শুরু হল অস্ত্রোপচার। আর প্রথম দিনেই হার্নিয়া অপারেশনে বড়সড় সাফল্য পেল বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। মঙ্গলবার এই সফল অস্ত্রোপচারের মধ্য দিয়েই এক নতুন অধ্যায়ের সূচনা হল ওই হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, নারায়ণগড়ের রাইপুর এলাকার বাসিন্দা পঞ্চান্ন বছর বয়সি বিমল দাসের হার্নিয়া অপারেশন করা হয়েছে এদিন। জেনারেল সার্জন সন্দীপ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবেই এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে, প্রথম দিনের এই অপারেশন সম্পূর্ণ সফল এবং রোগী সুস্থ আছেন।
উল্লেখ্য, এত দিন বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল মূলত নামেই সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি এই হাসপাতাল নিজস্ব ‘ডিডিও’ কোড পেয়েছে, যার ফলে এটি সরকারিভাবে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। স্বীকৃতি মেলার পরেই হাসপাতালের সার্বিক পরিকাঠামো বদলের কাজে বিশেষ জোর দেয় স্বাস্থ্য প্রশাসন। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে সেখানে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার থেকে জেনারেল অপারেশন চালু হয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ প্রভূত উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে সাধারণ অস্ত্রোপচারের জন্য রোগীদের আর দীর্ঘ পথ পেরিয়ে খড়গপুর মহকুমা হাসপাতাল বা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হবে না। স্বাভাবিকভাবেই কমবে রোগীদের অন্যত্র রেফার করার প্রবণতা।
Paschim Medinipur,West Bengal
Jul 01, 2026 10:24 PM IST