Last Updated:
মাজবাট স্টেশনের পুনর্বিকাশ আধুনিক, সুরক্ষিত ও সর্বজনীন পরিকাঠামোর মাধ্যমে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।
আবির ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস) এর অধীনে ১২ কোটি টাকারও অধিক ব্যয়ে মাজবাট রেলওয়ে স্টেশনের রূপান্তরের মাধ্যমে সমগ্র অঞ্চলে উন্নতমানের যাত্রী-সুবিধা ও আধুনিক রেল পরিকাঠামো প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনে অমৃত ভারত স্টেশন স্কিমের (এবিএসএস) অধীনে পুনর্বিকাশের জন্য ৯২টি স্টেশন চিহ্নিত করা হয়েছে ৷ এর মধ্যে মাজবাট অন্যতম; এই স্টেশনগুলোর মধ্যে ৬০টি উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর মধ্যে ৫০টি স্টেশন অসমে অবস্থিত। স্টেশনের আঞ্চলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা, যাতায়াত-সহজগম্যতা এবং সামগ্রিক ভ্রমণ-অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে স্টেশনটির পুনর্বিকাশ প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে।
অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উল্লেখযোগ্য সিভিল, বৈদ্যুতিক ও সিগন্যালিং সংক্রান্ত কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার ফলে মাজবাট স্টেশনের পরিকাঠামোয় এক সামগ্রিক রূপান্তর ঘটেছে। স্টেশনটি এখন এক আধুনিক ও দৃষ্টিনন্দন হয়েছে ৷ এর মধ্যে রয়েছে স্টেশনের সম্মুখভাগের উন্নত রূপ, সুবিশাল প্রবেশদ্বার, উন্নতমানের ওয়েটিং হল, সুদৃশ্য ল্যান্ডস্কেপিং বা পরিবেশসজ্জা, চলাচলের জন্য চার্কুলেটিং এরিয়া, নতুন শৌচাগার, উন্নত সংযোগ রোড ও নিষ্কাশন ব্যবস্থা, প্ল্যাটফর্মের ছাউনি এবং যাত্রীদের সুবিধার্থে অন্যান্য পরিকাঠামো। যাত্রীদের বর্দ্ধিত চাহিদা মেটাতে ১ নম্বর প্ল্যাটফর্মটিকে পূর্ণ দৈর্ঘ্যের ট্রেন দাঁড়ানোর উপযোগী করে সম্প্রসারিত করা হয়েছে ৷ পাশাপাশি, সকল যাত্রীর সুরক্ষা ও সুগম যাতায়াত নিশ্চিত করতে ট্যাকটাইল পেভিং, দিব্যাঙ্গজন-বান্ধব পানীয় জলের বুথ এবং দুটি লিফটের ব্যবস্থাও করা হয়েছে। আধুনিক আলোকসজ্জা, শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং হ’ল, মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত প্ল্যাটফর্ম ওয়্যারিং এবং আলোকিত সংযোগ-রোডসহ বৈদ্যুতিক পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে এই পুনর্বিকাশ কাজ যাত্রী সুযোগ-সুবিধাও বৃদ্ধি করেছে। এছাড়াও, কোচ গাইডেন্স বোর্ড (চিজিবি) এবং ট্রেন ইন্ডিকেশন বোর্ড (টিআইবি) চালু করার ফলে যাত্রীদের তথ্য প্রাপ্তির সুবিধা ও পরিচালনগত দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে মাজবাট স্টেশনটি ভ্রমণকারী যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও ভালভাবে সজ্জিত হয়ে উঠেছে।

অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সম্পূর্ণভাবে চালু হওয়ার পর, এই উন্নত স্টেশনটি দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য অধিকতর স্বাচ্ছন্দ্য ও যাত্রীদের সুগম যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে সমগ্র অসম ও উত্তর-পূর্বাঞ্চলে রেল সংযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
Kolkata,West Bengal
Jul 04, 2026 12:32 PM IST
