Last Updated:
PM Modi: শীঘ্রই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার আগেই প্রধানমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ৷
মেলবোর্ন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি! অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি এসেছে বলেই দাবি৷ ঘটনায় এবার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়া টু-ডে’-র প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘মেলবোর্ন মিটস মোদি’৷ ওই কমিউনিটি অনুষ্ঠানের প্রচারসংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই হুমকি দেওয়া হয় বলেই দাবি৷
রিপোর্টে দাবি, ‘আবু মুফাসা’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা মন্তব্যে লেখা ছিল, “স্টেডিয়ামের ছাদ যেন অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকে, নইলে তিনি অস্ট্রেলিয়ায় তাঁর মৃত্যুর জন্যই আসবেন।” প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি (IP) ঠিকানা শনাক্ত করেছেন এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP) এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি। তবে ঘটনার তদন্তের স্বার্থে তাঁরা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তাঁর সফরকে কেন্দ্র করে একাধিক অস্ট্রেলীয় নিরাপত্তা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তিন দিনের অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক এবং বিভিন্ন কমিউনিটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানও রয়েছে।
এছাড়া, ৮ থেকে ১০ জুলাই মেলবোর্নে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে (Australia-India Annual Leaders’ Summit) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। সম্মেলনের ঘোষণা দিয়ে অ্যান্থনি আলবানিজ বলেন, ভারত অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার।
তিনি বলেন, “বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত।”
Kolkata,West Bengal
