Last Updated:
Tarapith Temple New Rules: সাধারণ পুণ্যার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়ে তারাপীঠ মন্দিরে দর্শনের নিয়মে বড়সড় বদল আনল নবগঠিত পরিচালনা কমিটি। হাজার হাজার টাকার বিনিময়ে বিশেষ লাইনে চটজলদি পুজো দেওয়ার ব্যবস্থা এবার সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলার অন্যতম তীর্থভূমি তারাপীঠ মন্দিরের পরিচালন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। গঠিত হয়েছে মোট ১৭ জনের একটি সম্পূর্ণ নতুন পরিচালনা কমিটি। তবে নতুন কমিটিতে স্থান পাননি পুরনো কমিটির কোনও সদস্য। বুধবার সন্ধ্যায় পুরনো কমিটি সম্পূর্ণ ভেঙে এই নতুন কমিটি গঠন করা হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এত দিন টাকা দিলেই চটজলদি মিলত মা তারার দর্শন।
অন্যদিকে ভিআইপি লাইন চালানোর জন্য সাধারণ লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত। এই নিয়ে বহু দিন থেকেই ক্ষোভ ছিল তারাপীঠ মন্দিরে আগত ভক্তদের মধ্যে। একাধিক অভিযোগ জমা পড়েছে প্রশাসনিক দফতরে। সেই কারণে পূর্বতন জেলাশাসক বিধান রায় সেবাইতদের নিয়ে বৈঠক করে নিয়ম করেছিলেন, এক ঘণ্টা সাধারণ লাইনের পর বিশেষ লাইনের ভক্তদের ৫০০ টাকার কুপন কেটে প্রবেশ করাতে হবে।
তবে প্রাক্তন জেলাশাসকের কথাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছে টাকার খেলা এমনটাই অভিযোগ ছিল ভক্তদের। রাজ্যে পালাবদলের পর বিশেষ দর্শনের নামে তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। সেই টাকার হিসাবে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করেন বর্তমান জেলাশাসক। আর্থিক অনিয়মের তদন্তের জন্য ভেঙে ফেলা হল পুরনো কমিটি। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন নিখিল বন্দ্যোপাধ্যায়, সম্পাদক হয়েছেন পুলক চট্টোপাধ্যায়।
নতুন কমিটি একগুচ্ছ সিদ্ধান্তও নিয়েছে। এত দিন এক বা দু’হাজার টাকার টিকিটের বিনিময়ে যে বিশেষ লাইনে দ্রুত পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, সেটা সম্পূর্ণ রূপে বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ দর্শনার্থীদের লাইন বেশি প্রাধান্য পাবে। আগে ৫০০ টাকার কুপন থেকে মন্দির কমিটি পেত মাত্র ১০০ টাকা, আর বাকি টাকা ভাগ হত পালাদার সেবাইত ও পাণ্ডাদের মধ্যে। এবার থেকে কুপনের ৫০০ টাকার পুরোটাই জমা হবে মন্দিরের নিজস্ব ফান্ডে। এছাড়াও কৌশিকী অমাবস্যার পরে নতুন রূপে সেজে উঠবে মন্দির বলে জানিয়েছে নতুন কমিটি।
Birbhum,West Bengal
Jul 04, 2026 12:04 PM IST
