Last Updated:
মহারাষ্ট্রের এফডিএ-এর পক্ষ থেকে এই তিনটি ক্রিমের মান ব্যবহারের উপযুক্ত নয়৷ এই তিনটি ক্রিম হল গোরি বিউটি ক্রিম,ফেস ফ্রেশ গোল্ড (বিউটি ক্রিম ও বিউটি সিরাম) এবং গোল্ডেন স্টার বিউটি ক্রিম৷ এর মধ্যে গোরি বিউটি ক্রিমটি পাকিস্তানে তৈরি বলে দাবি করা হচ্ছে৷
গত ২ বছরে মহারাষ্ট্রের নাগপুরে কিডনি সমস্যায় আক্রান্ত ১৮ জন মহিলার মধ্যে একটিই মিল পেয়েছেন চিকিৎসকরা৷ ওই ১৮ জন মহিলাই রূপচর্চার জন্য পাকিস্তানে তৈরি একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতেন৷ গোরি নামে ওই ফেয়ারনেস ক্রিমটি মূলত ইনস্টাগ্রামে বুক করে অথবা অনলাইনে কিনতেন ওই মহিলারা৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, চিরাগ বরজাত্যা নামে একজন উদ্যোগপতি সমাজমাধ্যমে পোস্ট করে এই দাবি করেন৷ তার পরই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়৷ চিরাগ আরও দাবি করেন, মহারাষ্ট্রের ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ-এর পরীক্ষায় পাকিস্তানে তৈরি ওই ফেয়ারনেস ক্রিমে নির্ধারিত মাত্রা ৭৫২ গুন বেশি পারদের উপস্থিতি পাওয়া গিয়েছে৷
18 women in Nagpur, Maharashtra complained about kidney problems to their doctors in the span of two years. Doctors saw a pattern and checked that all of them were using this pakistani cream sold by many Instagram pages and meesho.
FDA Maharashtra took the cream samples. Sent to… pic.twitter.com/LqPZayJQKV
— Chirag Barjatya (@chiragbarjatya) July 5, 2026
এই ঘটনা সামনে আসার পরই অত্যাধিক বিপজ্জনক মাত্রায় পারদ এবং শিসা থাকার কারণে ত্বক ফর্সা করার দাবি করা তিনটি ক্রিম ব্যবহার করা নিয়ে সতর্ক করেছে মহারাষ্ট্রের এফডিএ৷ ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই ক্রিমগুলি ব্যবহার করলে কিডনি, স্নায়ুতন্ত্র এবং ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে৷ যদিও এখনও এই বিতর্কিত ক্রিমগুলি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে৷
বিশেষজ্ঞরা বলছেন, পারদ শরীরে মেলানিনের উৎপাদন কমিয়ে দেয়৷ যার ফলে এই ক্রিমগুলি ব্যবহারের কয়েকদিনের মধ্যেই ত্বক ফ্যাকাশে বা সাদাটে দেখাতে শুরু করে৷ যদিও চিকিৎসকদের মতে, ত্বকের এ ভাবে ফ্যাকাশে হয়ে যাওয়াটা আসলে ত্বকের রাসায়ণিক ক্ষতির ইঙ্গিত৷ তা একেবারেই স্বাস্থ্যকর ত্বকের লক্ষ্মণ নয়৷ এই ধরনের স্কিন ক্রিমগুলির ভিতরে যে পারদের মতো ক্ষতিকারক ধাতব উপাদান থাকে, সেগুলি ত্বক শুষে নিতে থাকে৷ ধীরে ধীরে এই ধাতব উপাদানগুলি কিডনিতে গিয়ে জমা হয়৷
এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডসেফ গোরি ব্র্যান্ডের স্কিন ক্রিমের উপরে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে৷ ২০২৫ সালে ফিলিপিনস-এর ফুড অ্যান্ড রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন গোরি ব্র্যান্ডের স্কিন ক্রিম ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করে৷
Kolkata,West Bengal
