Last Updated:
নতুন চালু হওয়া এলএইচবি র্যাকটিতে ২২টি কোচ থাকবে, যা যাত্রীদের নানা ধরণের চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন ভ্রমণ শ্রেণিতে পর্যাপ্ত আসন-ব্যবস্থা নিশ্চিত করবে।
আবির ঘোষাল, কলকাতা: যাত্রীদের স্বাছন্দ, সুরক্ষা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেলওয়ে ট্রেন নং ০১৬৬৫/০১৬৬৬ (রানি কমলাপতি – আগরতলা – রানি কমলাপতি) স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচ চালু করছে।
ট্রেন নং ০১৬৬৫ (রানি কমলাপতি – আগরতলা) স্পেশাল এক্সপ্রেসটি রানি কমলাপতি থেকে নতুন এলএইচবি রেক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে, ট্রেন নং ০১৬৬৬ (আগরতলা – রানি কমলাপতি) স্পেশাল এক্সপ্রেসটি আগরতলা থেকে নতুন এলএইচবি রেক নিয়ে যাত্রা করবে।
আধুনিক এলএইচবি কোচ প্রবর্তন ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ প্রচেষ্টায় আরও একটি মাইলফলক। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই কোচগুলো তাদের ‘অ্যান্টি-টেলিস্কোপিক’ ডিজাইনের মাধ্যমে উন্নত সুরক্ষা প্রদান করে; এই ডিজাইনটি সংঘর্ষের সময় একটি কোচ অন্যটির ওপর উঠে যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। উন্নত সাসপেনশন সিস্টেমের ফলে যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন, যা যাত্রাকে আরও সুগম ও স্থিতিশীল করে তোলে। এছাড়াও, এই কোচগুলো অধিক দ্রুতগতিতে চলতে সক্ষম এবং এগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জাও উন্নতমানের, যা ভ্রমণকে আরও সুরক্ষিত, দক্ষ ও আনন্দদায়ক করে তোলে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, একটি সুরক্ষিত, আরামদায়ক ও যাত্রী-কেন্দ্রিক রেল নেটওয়ার্ক প্রদানের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত সুযোগ-সুবিধা এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যাত্রী পরিষেবা ক্রমাগত উন্নত করতে ভারতীয় রেলওয়ে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
Kolkata,West Bengal
