তোর্ষা ভট্টাচার্য, কলকাতা: ‘নধরের ভেলা’-র পরে তাঁকে যেন নতুনভাবে চিনেছেন দর্শক, তবে রুপোলি পর্দা থেকে মঞ্চে অভিনেতা অমিত সাহার (Amit Saha) সাবলীল যাতায়াত দীর্ঘদিনেরই। বিভিন্ন চরিত্রে, বিভিন্ন সময়ে তিনি মানুষকে চমকে দিয়েছেন। শুধু ‘নধরের ভেলা’-ই নয়, সদ্যই ‘আকাদেমি অফ ফাইন আর্টস’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। আর সদ্যই মুক্তি পেয়েছে, অমিত অভিনীত ‘ফুটানিগঞ্জের মহেশ’ ওয়েব ফিল্মটি। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অমিত। কীভাবে তাঁর কাছে এই চরিত্রে অভিনয়ের সুযোগ এল?
নতুন কাজ নিয়ে কথা
‘ফুটানিগঞ্জের মহেশ’ ছবিতে অমিতের চরিত্রটা ঠিক কেমন? কীভাবে এল এই কাজের সুযোগ? অভিনেতা বলছেন, ‘গল্পের যে প্রধান চরিত্র, চন্দ্রমাধব শীল.. তারই বন্ধু আমি, নাম অজিত। খুব মজার চরিত্র, থিয়েটারে অগাধ আগ্রহ, পেশায় একজন টোটোচালক। চন্দ্রমাধব সেনকে একমাত্র তারই ‘চাঁদু’ বলে ডাকার অধিকার আছে। চরিত্র থেকে শুরু করে পড়াশোনা.. বিভিন্ন বিষয়ে বৈপরীত্য থাকলেও, এই ২ বন্ধু একসঙ্গে রয়েছে গিয়েছে। চরিত্রটা একদিকে যেমন মজার, তেমনই একটা সারল্য রয়েছে। পরিচালক সায়ন্তন মুখোপাধ্য়ায় আমায় প্রথম ফোন করে ছবিটি করতে বলেছিলেন। তারপরে লুকসেট.. শ্যুটিং.. যেভাবে কাজ হয় আর কি। পরিচালকেরা আমায় যে বিভিন্ন চরিত্রে ভাবছেন, সেটাই এখন ভাল লাগছে।’
নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ায় বিশ্বাসী অমিত
‘নধরের ভেলা’-র পরে, অমিতকে নিয়ে চর্চার শেষ নেই, চমকপ্রদ চরিত্রের অফার আসছে কি? অমিত বলছেন, ‘১-২ বছর নয়, প্রায় ১৫-১৬ বছর ধরেই তো কাজ করছি। কখনও মঞ্চে, কখনও টলিউডে, কখনও বিভিন্ন ইন্সটিটিউশনের সঙ্গে। আমায় পরিচালকেরা চিরকালই ভিন্ন স্বাদের চরিত্রে ভেবে এসেছেন। আর এত বছর কাজ করছি বলে, সবার একটা ভরসা ও তৈরি হয়েছে যে, আমায় যে চরিত্র দেওয়া হবে, সেইমতো অভিনয় করতে পারব। টলিউডে হঠাৎ কোনও মুখ ভেসে উঠলে, চোখে পড়ে। প্রশংসা পেতে কার না ভাল লাগে বলুন.. তবে ২টো কথা এখানে বলার। প্রথমত, এই ইন্ডাস্ট্রি ভীষণ ছোট, তার ভিতরে, আমায় অনেকেই অনেক ধাঁচের চরিত্র অফার করেছেন। তাই সে নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। সব কাজ আমি একা করব, এমন তো নয়। আরও অনেকে রয়েছেন। দ্বিতীয়ত, আমার জন্ম পূর্ব কলকাতায়, টালিগঞ্জে দীর্ঘদিন ধরেই যাতায়াত। ফলে আমার কাছে তুলনামূলক সহজভাবেই বিভিন্ন চরিত্রের অফার আসে। তবে পরিচালকেরা যদি থিয়েটারের মঞ্চ থেকে আরও নতুন প্রতিভাদের খুঁজে আনেন, তাহলে টলিউডে আরও অনেক ভাল মানের কাজ হতে পারে।’
আরও পড়ুন: Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?