Last Updated:
Bangkok Bar Fire: ব্যাঙ্ককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ২৭, আহত আরও প্রায় ৬৩ জন৷ ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ব্যাঙ্কক: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের, আহত আরও প্রায় ৬৩ জন। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। রবিবার গভীর রাতে উত্তর ব্যাঙ্ককের না লাডপ্রাও (Na Ladprao) পাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী দল জানিয়েছে, রাত প্রায় ১২টা নাগাদ আচমকাই বারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন উপস্থিত মানুষজন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তিনি জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
তাঁর দাবি, বারে গান গাইছিলেন এমন এক শিল্পী জানিয়েছেন, মঞ্চের কাছে একটি সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বার ঘন ধোঁয়ায় ভরে যায়।
প্রধানমন্ত্রী আরও জানান, বারের পিছনের দিকের শৌচাগারের কাছে বহু মৃতদেহ উদ্ধার হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে ব্যাঙ্ককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত জানান, আগুন খুব দ্রুত ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাঁর কথায়, “আগুনের তুলনায় ঘন ধোঁয়াতেই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”
তিনি জানান, এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা সংকটজনক। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
তদন্তকারীরা জানিয়েছেন, বেশ কয়েকজনের দেহ ফায়ার এক্সিটের কাছে উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, জরুরি নির্গমন পথ কোনওভাবে বাধাপ্রাপ্ত ছিল, যার ফলে অনেকেই বেরোতে পারেননি।
গভর্নর আরও বলেন, দুর্ঘটনার সময় বারের ভিতরে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সংখ্যাটা অনেক ছিল বলেই মনে করা হচ্ছে।
Kolkata,West Bengal
