Last Updated:
Priyanka Gandhi: ওয়ানাড়ে ভূমিধসের পরেও কেন সেখানে উপস্থিত হলেন না এলাকার সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি? প্রশ্ন তুলে এবার কংগ্রেস নেত্রীকে কটাক্ষ বিজেপির৷
ওয়ানাড়: ওয়ানাড়ের ভূমিধস নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধিকে কটাক্ষ বিজেপির৷ এতবড় প্রাকৃতিক বিপর্যয়ের পরও কেন দেখা যায়নি ওয়ানাড়ের সাংসদকে? বিজেপির নিশানায় প্রিয়ঙ্কা৷ কংগ্রেসের নেত্রীর উদাসীনতার অভিযোগ তুলে বিজেপির দাবি, ওয়ানাড়কে কার্যত একটি ‘রাজনৈতিক ঘুঁটি’ বানিয়ে রেখেছে গান্ধি পরিবার৷
রবিবার বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন, “ওয়ানাড় কংগ্রেসের প্রথম পরিবারের কাছে শুধুই একটি রাজনৈতিক দাবার ঘুঁটি হয়ে উঠেছে।”
তাঁর অভিযোগ, ৭ জুলাই ওয়ানাড় জেলার আনাক্কাম্পোইল-মেপ্পাডি টুইন-টিউব টানেল প্রকল্পে ভূমিধসের পর প্রিয়াঙ্কা গান্ধী এখনও ঘটনাস্থলে যাননি। নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতেও দেখা যায়নি তাঁকে।
প্রিয়াঙ্কাকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধীকেও নিশানা করেন কেশবন। তাঁর দাবি, রাহুল যখন ওয়ানাড়ের সাংসদ ছিলেন, তখনও এলাকার মানুষ অভিযোগ করতেন যে তিনি খুব কমই কেন্দ্রে আসতেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন না।
বিজেপি নেতার আরও অভিযোগ, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধী রায়বরেলি আসন ধরে রেখে ওয়ানাড়ের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর দাবি, এখন একই ধরনের রাজনীতি প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিনিধিত্বেও দেখা যাচ্ছে।
এদিকে, ওয়ানাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। রবিবার ধ্বংসস্তূপ থেকে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর এই সংখ্যা নিশ্চিত করেছে প্রশাসন।
জানা গিয়েছে, ওয়ানাড়ের কল্লাডি এলাকায় নির্মীয়মাণ আনাক্কাম্পোইল-মেপ্পাডি টুইন-টিউব টানেল প্রকল্পে এই ভূমিধস হয়। ওয়ানাড় ও কোঝিকোড় জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতেই এই প্রকল্পের কাজ চলছিল।
গত পাঁচ দিন ধরে নিখোঁজ বিক্রম রানাকে খুঁজে বের করার চেষ্টা চলছিল। রবিবার বড়সড় তল্লাশি অভিযানে নামে এনডিআরএফ (NDRF), স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), দমকল, র্যাপিড রেসপন্স টিম, বন দফতর এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শেষ পর্যন্ত বিক্রম রানার দেহ উদ্ধার হওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Kolkata,West Bengal
Jul 13, 2026 11:08 AM IST
