Last Updated:
Jagannath Dev Wooden Idol: রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে চরম ব্যস্ততা বেড়েছে নতুনগ্রামের কাঠের হস্তশিল্পীদের। এবারও গ্রামে প্রায় ১২ থেকে ১৩ হাজার কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি হচ্ছে। তবে এবার প্রথাগত মূর্তির পাশাপাশি প্রথমবার পুরীর জগন্নাথদেবের আদলে বিশেষ কাঠের মূর্তি তৈরি করছেন শিল্পীরা, যার চাহিদা বাজারে চোখে পড়ার মতো।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রথযাত্রা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলীর নতুনগ্রামের শিল্পীদের ব্যস্ততা। গোটা গ্রাম যেন এখন এক বিশাল কর্মশালা। বাড়িতে বাড়িতে চলছে কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। এতদিন নতুনগ্রামের শিল্পীরা মূলত নিজেদের ঐতিহ্যবাহী ঘরানার কাঠের মূর্তি তৈরি করতেন। তবে এবার প্রথমবারের মত বেশ কিছু শিল্পী পুরীর জগন্নাথদেবের আদলে কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করছেন। রথযাত্রাকে সামনে রেখে এই নতুন ধরনের মূর্তির চাহিদাও বেড়েছে চোখে পড়ার মত।
শিল্পী গৌরাঙ্গ ভাস্কর বলেন, “এবার এই প্রথম পুরীর আদলে জগন্নাথ মূর্তি তৈরি করেছি। এর মধ্যে আমার একসেট পুতুল যাবে ভোপাল আর বাকি সব কলকাতা। এই মূর্তির চাহিদা বেশ ভাল।”শুধু একটি-দুটি বাড়ি নয়, গ্রামে ঢুকলেই চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়িতে শিল্পীদের নিরলস কাজ। পুরুষদের পাশাপাশি সমান দক্ষতায় হাতে হাত মিলিয়েছেন বাড়ির মহিলারাও। রঙের তুলির টান থেকে শুরু করে সূক্ষ্ম নকশার কাজ, সব মিলিয়ে এখন গোটা গ্রামজুড়ে উৎসবের আবহ।
প্রতি বছরের মত এবারও নতুনগ্রামে তৈরি হচ্ছে প্রায় ১২ থেকে ১৩ হাজার কাঠের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি। রথযাত্রার ঠিক আগে এই মূর্তিগুলি নিয়ে শিল্পীরা রওনা দেবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের রথমেলা ও বাজারে। কলকাতার দমদম, নাগেরবাজার, কালীঘাট, শ্রীরামপুর, গুপ্তিপাড়া-সহ একাধিক জায়গায় পৌঁছে যাবে নতুনগ্রামের শিল্পীদের হাতে গড়া এই শিল্পকর্ম। শিল্পী গৌতম ভাস্কর বলেন, “গ্রামের এখন সবাই ব্যস্ত, সব বাড়িতেই এখন জগন্নাথ তৈরি হচ্ছে। তবে এবারে এই পুরীর আদলের জগন্নাথের ভাল চাহিদা রয়েছে।”নতুনগ্রাম বহুদিন ধরেই কাঠের হস্তশিল্পের জন্য পরিচিত।
এখানে কাঠের পেঁচা, গৌর-নিতাই, বিভিন্ন শৌখিন সামগ্রী, আসবাবপত্র ও আধুনিক নকশার হস্তশিল্প তৈরি হয়। এই গ্রামের শিল্পকর্ম আজ শুধু দেশের বিভিন্ন প্রান্তেই নয়, বিদেশেও সমান জনপ্রিয়। অনেক বিদেশি পর্যটকও সরাসরি এই গ্রামে এসে শিল্পীদের কাজ দেখেন এবং সংগ্রহ করেন। তবে বছরের অন্য সময় নানা ধরনের হস্তশিল্প তৈরি হলেও, রথযাত্রার আগে নতুনগ্রামের একটাই পরিচয় কাঠের জগন্নাথের গ্রাম। ছোট থেকে বড়, নানা আকারের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে রথের আনন্দকে আরও রঙিন করে তুলতে ব্যস্ত এখানকার শিল্পীরা।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Jagannath Dev Wooden Idol: বাজারের ট্রেন্ড ধরে নতুন স্ট্র্যাটেজি, জগন্নাথ দেবের হাত ধরে লক্ষ্মীলাভের জোয়ার! বর্ধমানের এই গ্রামে এখন ‘পৌষমাস’