Last Updated:
Sonam Wangchuk Removed From Jantar Mantar: দিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিন ধরে অনশনরত সোনম ওয়াংচুককে শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
নয়াদিল্লি: গত ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার বিক্ষোভস্থল থেকে সরিয়ে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছে।
দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য পুলিশ তাঁকে বিক্ষোভস্থল থেকে হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে পুলিশ যন্তর মন্তরে পৌঁছে সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করে। এরপরই ককরোচ জনতা পার্টি-র কর্মীরা, যারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর বিরুদ্ধে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করেন।
সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির বিষয়ে দিল্লি হাইকোর্টে শুনানির পরই এই পদক্ষেপ নেওয়া হয়। এর দু’দিন আগে আদালত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের প্রতিদিন ক্লিনিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল। আদালত পর্যবেক্ষণে বলেছিল, “যে কোনও নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান,” এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছিল।
As per orders of Hon’ble High Court and on expert medical advise due to the deteriorating health condition of Sh. Sonam Wangchuk, he has been shifted to the hospital for essential medical care.
While complying with the orders of Hon’ble High Court the protestors tried to create…— DCP New Delhi (@DCPNewDelhi) July 18, 2026
দিল্লি পুলিশ এক্স (X)-এ এক পোস্টে জানায়, ‘‘মাননীয় হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শ্রী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ পালন করার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন, যার ফলে সামান্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করে নিরাপদভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের অনুরোধ করছি, তাঁরা যেন শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব স্থানটি খালি করে দেন।’’
নিট-সহ একাধিক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরব সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশন আন্দোলনে বসেন তিনি। শুক্রবার পা দিল ২০তম দিনে। কিন্তু দীর্ঘ অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কমেছে ওজন।
শুক্রবার দিল্লির জন্তর মন্তরে ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ পবন খেরা। এর আগেও আরও বেশ কয়েকজন নেতা জন্তর মন্তরে গিয়েছেন এবং তাঁর সঙ্গে দেখা করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুকের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, ‘‘আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব।’’ ওয়াংচুক এই মন্তব্যটি রসিকতার সুরে করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে ভিডিওটি।
Kolkata,West Bengal
