জানা গিয়েছে, অনুরাগ ধনখড়ের দেহ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, এখনও পর্যন্ত এই ঘটনা সম্পর্কে ত্রিপুরা সরকার বা ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি৷ এমনকি, ঘটনার কারণ সম্পর্কেও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। ফলে বিভিন্ন মাধ্যমে যে দাবি ছড়িয়ে পড়েছে, সেগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সোমবার আগরতলায় পুলিশ সদর দফতরে নিজের দফতর থেকে ত্রিপুরার পুলিশ ডিজিপি অনুরাগ খনখড়ের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর সঠিক পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
অনুরাগ ধনখড় ছিলেন ত্রিপুরা ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার। তিনি ২০২৫ সালের মে মাসে ত্রিপুরার পুলিশ ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ত্রিপুরার ডিজিপি (ইন্টেলিজেন্স) পদে কর্মরত ছিলেন।
বিভিন্ন মেয়াদ মিলিয়ে তিনি প্রায় ১৬ বছর ত্রিপুরায় কর্মরত ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা-সংক্রান্ত দায়িত্বও পালন করেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি পুলিশ মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা) পদে দায়িত্ব সামলান।
তদন্তে দক্ষতার জন্য পরিচিত অনুরাগ ধনখড় বহুল আলোচিত নীরব মোদি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর নেতৃত্ব দেন। ওই মামলায় হিরে ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-কে প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
২০০৩ থেকে ২০০৪ সালে তিনি কসোভোতে রাষ্ট্রপুঞ্জের (ইউএন) শান্তিরক্ষা মিশনের সদস্য ছিলেন। ২০০৫ থেকে ২০১৩ সাল এবং পুনরায় ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় ডেপুটেশনে থেকে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআরঅ্যান্ডডি), সিআইএসএফ এবং সিবিআই-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))