Last Updated:
Sukhendu Sekhar Roy attacks Mamata Banerjee : শপথের পরই তৃণমূলকে নিশানা সুখেন্দু শেখর রায়ের, প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চাইলেন।
নয়াদিল্লি: সোমবারই বিজেপির সাংসদ হিসেবে রাজ্যসভায় শপথ নিয়েছেন সুখেন্দু শেখর রায়। তাঁরই সঙ্গে শপথ নিয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও। বিজেপি সাংসদ হিসেবে শপথ নিয়েই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন সুখেন্দু শেখর রায়।
তিনি বলেন, ‘আমি বিজেপি সাংসদ হিসেবে শপথ নিয়েছি। কেন্দ্রে রাজ্যে এখন একই সরকার। এটা বড় সুযোগ। গত ৪৯ বছরে নেতিবাচক রাজনীতির অভিজ্ঞতা হয়েছে। এরপর গুন্ডাতন্ত্র কায়েম হল বামেদের কল্যাণে। সব পাপের জনক ওরা।
মানুষ চিটফান্ডের কত টাকা ফেরত পেয়েছেন? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তৃণমূলের আমলে বেঙ্গল সামিটের নামে ফিকিকে দেওয়া হল কেন?’
তিনি প্রশ্ন তোলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের নাম বাংলার যোজনায় করা হত কেন? প্রকল্পের টাকা পাওয়া গেলেও খরচের হিসাব পাওয়া যেত না। বহু লুঠ হয়েছে তৃণমূলের আমলে। গরিব মানুষ ভুক্তভোগী হল। অহংকার আসলে গগনচুম্বী হয়েছিল। বাংলা মরুভূমিতে পরিণত হয়েছিল।’ বিজেপিতে যোগ দিয়েই বাংলার প্রাক্তন সরকারের দুর্নীতি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন সুখেন্দু শেখর রায়।
এদিন শপথে ছিল একাধিক চমক। বাংলায় শপথগ্রহণ করেন সুস্মিতা দেব। ধুতি-পাঞ্জাবি পরে বাঙালিয়ানায় শপথ নেন সুখেন্দু শেখর রায়। শপথ নেন প্রকাশ চিক বরাইক। গত সপ্তাহেই রাজ্যসভার জন্য আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন জমা দেন বিজেপিতে যোগ দেওয়া তিন ‘তৃণমূল কংগ্রেস ত্যাগী’ প্রার্থী।
মৈত্রেয়ী ভট্টাচার্য
Kolkata,West Bengal
