কলকাতা: এই প্রথম নয়, এর আগেও একাধিকবার, বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন, অরিজিৎ সিংহ (Arijit Singh)। তিনি নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। আরজি কর আন্দোলনের সময়ে, তাঁর ‘আর কবে’ গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। আর এবার, নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে, ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি নিয়েও চুপ থাকলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় এর আগেও ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের তীব্র বিরোধীতা করেছিলেন তিনি। তবে এবার, সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ অথচ মজার পোস্টে, মুগ্ধ নেটপাড়া। মজার আড়ালে তিনি যে কটাক্ষ করেছেন, তাতে অরিজিৎ সিংহের রসবোধের বেশ প্রশংসাই করেছেন সবাই, তবে পাশাপাশি অনেকে তাঁর ভাষা ব্যবহারের সমালোচনাও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন অরিজিৎ সিংহ?
অরিজিৎ সিংহ তাঁর সদ্য করা পোস্টে লিখেছেন, ‘আমি তো সাধারণ কথা বকতেছিলাম। দলবাজরা এমন ক্ষেপে যায় ক্যানে (কেন)? এই তো ক’দিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিসি (দিয়েছি)। আমরা ঢুকতে দিসি তাই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি বাপ? আগে থেকে বলে দে। সেদিন আমার কবিতাটা নিয়ে যেখান সেখান চেঁচামেচি করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে, হাজতবাস হচ্ছে? সত্যি কথা? তা হাজতে কত জনা ধরে? জায়গা আছে? মাসি হোক বা মেসো.. আস্তে করে কেশো..’
গতকালই সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জকে কড়া ভাষায় নিন্দা করেছিলেন অরিজিৎ। তাঁর সেই নিন্দা নিয়ে এক অনুরাগী কটাক্ষ করলে, অরিজিৎ তার উত্তরে সাফ লেখেন যে, তিনি চাইলে অরিজিতের গান শোনা বন্ধ করে দিতে পারেন। যাবতীয় প্লেলিস্ট মুছে ফেলতে পারেন। তবে এতে অরিজিতের মত বদলাবে না। এর আগে, ধারাবাহিক পোস্টে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, ‘এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!’ অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী… কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু… আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।’