Last Updated:
কিল্লার থেকে উদয়পুরগামী এই রাস্তাটিতে বর্ষাকালে মাঝেমধ্যেই ধস এবং পাহাড়ের গা বেয়ে পাথর পড়ার ঘটনা ঘটে৷
যাত্রী বোঝাই গাড়ির উপরে এসে পড়ল বিশালাকার দুটি পাথরের বোল্ডার৷ ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ মাসের এক শিশু সহ ১৩ জন৷ শুক্রবার হিমাচল প্রদেশের লাহৌল- স্পিতি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে৷
জানা গিয়েছে, উদয়পুর- পাঙ্গি রোড ধরে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি টাটা সুমো৷ সেই সময় পাহাড়ে গা বেয়ে বড় বড় পাথরের বোল্ডার এসে চলন্ত গাড়িটির উপরে পড়ে৷ গাড়িটিতে চালক সহ মোট ১৫ জন ছিলেন৷ তাঁদের মধ্যে মাত্র ২ জন বরাতজোরে রক্ষা পান৷ মৃতদের মধ্যে ৬ মাসের একটি শিশুও রয়েছে৷
গাড়িটি কুল্লু থেকে কিল্লরের দিকে যাচ্ছিল৷ তখনই কাড়ু নালার কাছে বড় বড় পাথরের নীচে চাপা পড়ে গাড়িটি৷ উদয়পুর থেকে কিল্লরগামী এই রাস্তাটি খুবই ধসপ্রবণ বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই৷
দুর্ঘটনার জেরে গাড়িটির পিছনের দিকে আগুন ধরে যায়৷ স্থানীয় বাসিন্দা এবং দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান৷ আগুন নেভানোরও চেষ্টা করেন তাঁরা৷ দুর্ঘটনার পরের একটি ভিডিও-তে দেখা গিয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে৷
🚨 A taxi travelling from Kullu to Pangi was reportedly caught in heavy debris near Kadu Nala on the Udaipur–Killar road in Lahaul-Spiti.
Initial reports suggest 10–12 people may have been travelling in the vehicle. One injured person has reportedly been rescued from the debris,… pic.twitter.com/oGSh54ZZNf
— The Modern Himachal (@themodernhp) July 24, 2026
ভরমৌরের বিধায়ক জানিয়েছেন, গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে দু জন যাত্রী কোনওক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন৷ দ্রুত উদ্ধারকাজ শেষ করার জন্য পুলিশ- প্রশাসনের কাছে আবেদন জানান তিনি৷
স্থানীয় সূত্রে খবর, খারাপ আবহাওয়ার জন্য একদিন উদয়পুর- কিল্লার রোড বন্ধ ছিল৷ ফলে গাড়িতে থাকা যাত্রীরা তিন্ডিতে আটকে ছিলেন৷ শুক্রবার রাস্তা খোলার পর পাঙ্গির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা৷ কিন্তু মাঝপথেই অপেক্ষা করে ছিল বিপদ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়৷ পরিস্থিতির উপরে নজর রাখছে প্রশাসন৷
গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাত হচ্ছে৷ ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
Kolkata,West Bengal
