Last Updated:
নিট প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত আজ ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷
শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর পরই দিল্লিতে রওনা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের৷ আজ সন্ধ্যাতেই দিল্লি পৌঁছনোর কথা ফড়ণবীশের৷
সূত্রের খবর, সরকারি কাজেই দিল্লি গিয়েছেন ফড়ণবীশ৷ কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দিনই তাঁকে তড়িঘড়ি দিল্লিতে তলব করায় রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে৷
অন্যদিকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অন্যদিকে, পদত্যাগী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা৷
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে যুব সম্প্রদায়ের জয় বলেই দাবি করছে বিরোধীরা৷ নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত চাপে পড়ে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, এটা সত্যের জয়৷ দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য দেশের যে তরুণরা আওয়াজ তুলেছিলেন, এই জয় তাঁদের বলে দাবি করেছেন কংগ্রেস নেতা৷
এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার ২৮ দিনের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন৷ তাঁর মতে, এই আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে নিজেদের গাফিলতি স্বীকার করে নিতে বাধ্য করেছে ছাত্ররা৷
এ দিন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ফের একবার ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং জিতেন্দ্র সিং৷ সেই বৈঠকেই আন্দোলনকারীদের আরও দুটি দাবি মেনে নিয়েছে কেন্দ্র৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না এবং নিট প্রশ্ন ফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর পরই যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি৷ চার সপ্তাহ পর ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবে তারা৷
Kolkata,West Bengal
