Last Updated:
বর্তমানে তিনটি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন প্রহ্লাদ যোশী৷ তার সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষামন্ত্রক সামলাবেন তিনি৷
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর টালমাটাল পরিস্থিতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে৷ কঠিন সময়ে তাই অন্যতম বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রহ্লাদ যোশীকেই শিক্ষা মন্ত্রকের হাল ধরার দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রহ্লাদ যোশী বর্তমানে ক্রেতা সুরক্ষা ও খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব রয়েছেন৷ এ ছাড়াও নতুন এবং অপ্রচলিত শক্তি মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন তিনি৷ তার পরেও কেন শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব তাঁকেই দিলে মোদি?
এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে৷ এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষামন্ত্রকের দায়িত্ব অভিজ্ঞ কারও হাতেই তুলে দিতে চেয়েছিল মোদি সরকার৷ যাতে মন্ত্রকের টালমাটাল পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি সংসদেও নতুন করে আর বিড়ম্বনায় না পড়তে হয় সরকারকে৷ এর আগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব সামলেছেন প্রহ্লাদ যোশী৷ সংসদে আলোচনার মাধ্যমে সহমত তৈরি করা, বিরোধীদের আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দেওয়া, কঠিন বিতর্কে সরকারের পক্ষে জোরাল সওয়াল করার ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা কর্ণাটক থেকে সাংসদ নির্বাচিত হওয়া প্রহ্লাদ যোশীর৷
যেহেতু সংসদীয় রীতিনীতি সম্পর্কে তাঁর অগাধ অভিজ্ঞতা রয়েছে, তাই লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী কৌশল এবং আক্রমণকে ভোঁতা করে দেওয়ার ক্ষেত্রে মোদি সরকারের অন্যতম নির্ভরযোগ্য মন্ত্রী প্রহ্লাদ যোশী৷
যে মন্ত্রক গুলিতে আমলাতান্ত্রিক জটিলতা বেশি, সেরকম জায়গাতেও ঠান্ডা মাথায় প্রশাসনিক চুপচাপ দক্ষ হাতে দায়িত্ব সামলানোর জন্য মোদি সরকারের অভ্যন্তরে সুনাম অর্জন করে নিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী৷
এই মুহূর্তে প্রহ্লাদ যোশীর সামনে প্রধান চ্যালেঞ্জ দেশের শিক্ষা ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা পরীক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক ভাবে শিক্ষা মন্ত্রকের উপরে দেশের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা৷
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)-এর অভ্যন্তরে প্রয়োজনীয় রদবদল এবং কম্পিউটার বেসড টেস্টিং (সিবিটি) চালুর প্রক্রিয়াকে দ্রুত কার্যকর করা৷
প্রশ্নপত্র ফাঁসের মতো বেনিয়ম রুখতে কেন্দ্রীয় সরকার যে কড়া আইন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নের উপরে নজরদারি করা৷
ছাত্রছাত্রী এবং শিক্ষা মহলের আচ্ছা অর্জনে তাঁদের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি করা৷
শিক্ষামন্ত্রকের এই টালমাটাল পরিস্থিতি কেন্দ্রীয় সরকারকে বড়সড় পরীক্ষার মুখে এনে দাঁড় করিয়েছিল৷ দ্রুত সেই সঙ্কট থেকে কেন্দ্রীয় সরকারকে বের করে আনাই এখন প্রহ্লাদ যোশীর কাছে প্রথম অগ্রাধিকার হবে৷ যাতে বিরোধীরা এই পরিস্থিতির খুব বেশি রাজনৈতিক ফায়দা আর না নিতে পারে৷ সেই কারণেই শৃঙ্খলাপরায়ণ, অভিজ্ঞ এবং নিয়মের মধ্যে থেকে কাজ করায় বিশ্বাসী অভিজ্ঞ প্রহ্লাদ যোশীর হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হল বলেই মত রাজনৈতিক মহলের৷
Kolkata,West Bengal
