নয়াদিল্লি : সাফল্য পেয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনের চাপেই শেষমেশ পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর ইস্তফার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশির উপর। এই পরিস্থিতিতে নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে বার্তা দিল ককরোচ জনতা পার্টি। তাদের তরফে প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, “যুবসমাজ লক্ষ্য রাখছে।” পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে শিক্ষাব্যবস্থার সংস্কারে পাঁচ দফার দাবি বাস্তবায়নের আর্জি জানান। ভবিষ্যতে যাতে প্রশ্নফাঁসের ঘটনা না ঘটে তা প্রতিরোধ করার কথাও বলেন।
সৌরভ বলেন, “আমাদের উদ্বেগ ও দাবিগুলির বিষয়ে সাড়া পাওয়া গেছে। সারা দেশের তরুণদের মধ্যে এই দাবিগুলি ব্যাপক সাড়া জাগিয়েছিল, আর সে কারণেই এই আন্দোলন দেশজুড়ে সমর্থন লাভ করেছে। যিনিই শিক্ষামন্ত্রী হোন না কেন, তাঁকে মনে রাখতে হবে যে তরুণরা পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা জবাবদিহি চাইবে। তাই সময় এলে তরুণদের স্বার্থেই কাজ করতে হবে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে এবং আমাদের দাবিনামায় উল্লেখ করা পাঁচ দফা সুপারিশ বাস্তবায়ন করতে হবে। আমরা খুব শীঘ্রই নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। সরকার এক মাসের মধ্যে বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছে, দেখা যাক এরপর কী হয়।”
কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর ককরোচ জনতা পার্টি শনিবার তাদের আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে। তারপরই মধ্য দিল্লিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এই আবহে তাঁর এই মন্তব্য। আন্দোলনের সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে দেশের ছাত্র ও যুব সমাজের ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “এটি তরুণদের জন্য এক বিশাল জয়। আজ ইতিহাস রচিত হল। যে সরকার গত ১২ বছর ধরে বলে আসছিল যে তাদের আমলে পদত্যাগের কোনও ঘটনা ঘটে না, সেই সরকারই কেবল পদত্যাগপত্র গ্রহণই করেনি, বরং অন্য দু’টি দাবিও মেনে নিয়েছে—অর্থাৎ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনA এফআইআর (FIR) দায়ের করা হবে না, দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হবে এবং মঙ্গলবার নাগাদ এ বিষয়ে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বলে লিখিত নিশ্চয়তা দিয়েছে। আর তৃতীয় দাবিটি ছিল—প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যার পথ বেছে নেওয়া যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, এ বিষয়ে সরকার জানিয়েছে যে, নিয়ম অনুযায়ী সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়া হবে।”