Last Updated:
Amit Shah: NEET প্রশ্নফাঁস বিতর্কে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বড় প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপির কাছে দেশ, যুবসমাজ ও ছাত্রছাত্রীদের স্বার্থ যে কোনও রাজনৈতিক পদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
নয়াদিল্লি: গতকাল, শনিবারেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান৷ এরপর প্রথমবার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কাছে দেশ, ছাত্রছাত্রী ও যুবসমাজের স্বার্থ যে কোনও রাজনৈতিক পদ বা ক্ষমতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তার প্রমাণ৷
এক্স হ্যান্ডেলে করা পোস্টে অমিত শাহ লিখেছেন, ‘‘বিজেপির কর্মীদের কাছে দেশ, দেশের যুবসমাজ এবং ছাত্রছাত্রীরা যে কোনও পদমর্যাদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই নীতিরই উজ্জ্বল উদাহরণ।’’
NEET বিতর্কে কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ছাত্রছাত্রীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশ্নফাঁসের মতো অনিয়ম রুখতে প্রয়োজনীয় সংস্কার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। মোদি সরকার দেশের যুবসমাজের অনুভূতিকে সম্মান করে। প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’’ অমিত শাহ আরও বলেন, সরকারের প্রস্তাবিত সংস্কারের ফলে NEET-এ সৎভাবে সফল হওয়া ছাত্রছাত্রীরা ন্যায়বিচার পাবেন বলেই তিনি বিশ্বাস করেন।
শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের কাজের ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেন, তাঁর নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতি (NEP) বাস্তবায়ন, আঞ্চলিক ভাষায় পরীক্ষার সম্প্রসারণ, PM SHRI স্কুল প্রকল্পের বিস্তার, ডিজিটাল শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন (Skill Development) এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
শাহের কথায়, ধর্মেন্দ্র প্রধান ভারতের পরীক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং ছাত্রকেন্দ্রিক করে তোলার জন্য কাজ করেছেন। তাঁর পুরো মেয়াদই ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে তাঁর অঙ্গীকারের প্রতিফলন।
NEET পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল। আন্দোলনকারীরা জবাবদিহির দাবি তুলেছিলেন। পরে সরকার তাদের একাধিক দাবি মেনে নেওয়ার পর, যার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও ছিল, আন্দোলন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
Kolkata,West Bengal
