Last Updated:
Zero FIR has been filed against Ruchika Singh: তাঁর দাবি, এই মন্তব্য প্রধানমন্ত্রী পদমর্যাদার মর্যাদাহানি করেছে, সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে এবং ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়িয়ে জনশৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে।
নয়াদিল্লি: ইউজি (NEET-UG) পরীক্ষাকে ঘিরে গত ২৩ জুলাই দিল্লির জন্তর মন্তরে হওয়া বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর, অশালীন ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সি এক তরুণীর বিরুদ্ধে জিরো এফআইআর (Zero FIR) দায়ের করেছে নয়ডা পুলিশ।
অভিযুক্ত রুচিকা সিং নয়ডার বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, রুচিকা একটি বিউটি পার্লার চালান এবং চলতি বছরের শুরুতে নয়ডায় একটি ফ্ল্যাট কিনেছিলেন।
গত ২৯ জুলাই গাজিয়াবাদের বসুন্ধরার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী স্মৃতি সিংয়ের অভিযোগের ভিত্তিতে নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে স্মৃতি সিং জানান, ২৩ জুলাইয়ের বিক্ষোভের একটি ভিডিও তিনি দেখেন, যেখানে রুচিকা সিং জন্তর মন্তরে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita বা BNS), ২০২৩-এর ৩৫২, ৩৫৩(১) এবং ৩৫৬(১) ধারায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে।
যেহেতু ঘটনাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার এলাকায় ঘটেছে, তাই তদন্তের জন্য মামলাটি দিল্লি পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তে ভাইরাল ভিডিও, অন্যান্য ডিজিটাল প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে রুচিকা সিংয়ের করা আপত্তিকর মন্তব্যের একাধিক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওগুলি ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি ওঠে।
পুলিশের দাবি, ভাইরাল ভিডিও থেকেই সমাজকর্মীরা রুচিকা সিংয়ের পরিচয় শনাক্ত করেন এবং তাঁর নয়ডার ঠিকানা খুঁজে বের করেন। এরপরই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর থেকে রুচিকা এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজ মিলছে না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 30, 2026 11:48 PM IST
