Last Updated:
Resin Rakhi: ডিজিটাল দুনিয়ার সঠিক ব্যবহার কীভাবে নতুন ব্যবসার দিশা দেখাতে পারে, তা প্রমাণ করলেন শিলিগুড়ির সদ্য স্নাতক প্রীতি ঘোষ। ভাই-বোনের ভালবাসার স্মৃতিকে সারাজীবন ফ্রেমবন্দি রাখতে তিনি নিয়ে এসেছেন টেকসই ও ওয়াটারপ্রুফ ‘রেজিন রাখি’। ৫০ টাকারও কম বাজেটে শুরু হওয়া এই ক্রিয়েটিভ উদ্যোগ এখন উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখেই শুরু। তারপর নিজের আগ্রহ, পরিশ্রম আর নতুন কিছু করার ইচ্ছাকে সঙ্গী করে তৈরি করেছেন একেবারে অভিনব ‘রেজিন রাখি’। ভাই বা দাদার ছবি, নাম কিংবা বিশেষ বার্তা দিয়ে তৈরি এই কাস্টমাইজড রাখি এখন শিলিগুড়ির বাজারে বেশ সাড়া ফেলেছে। রাখি পূর্ণিমার এখনও কিছুটা সময় বাকি থাকলেও ইতিমধ্যেই একের পর এক অর্ডার পাচ্ছেন শিমুলগুড়ি দক্ষিণ পলাশ এলাকার বাসিন্দা সদ্য স্নাতক প্রীতি ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে মানুষ যোগাযোগ করছেন।
রাখি শুধু একটি সুতো নয়, ভাই-বোনের ভালবাসা ও স্মৃতির প্রতীক। সেই আবেগকে আরও বিশেষ করে তুলতেই প্রীতির এই উদ্যোগ। UV রেজিন ও UV লাইটের সাহায্যে তৈরি প্রতিটি রাখিতে যুক্ত করা যায় ভাই বা দাদার ছবি, নাম কিংবা পছন্দের বার্তা। সাধারণ রাখির তুলনায় এই রাখির বিশেষত্ব হল, এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। জল লাগলেও নষ্ট হয় না এবং স্মৃতি হিসেবে বহু বছর রেখে দেওয়া সম্ভব। প্রীতি ঘোষ বলেন, “এখন সব ক্ষেত্রেই কাস্টমাইজড জিনিসের চাহিদা বাড়ছে। তাই ভাবলাম রাখির ক্ষেত্রেও নতুন কিছু করা যায়। অনলাইন ভিডিও দেখে আমি এই কাজ শিখেছি। খুব অল্প খরচেই এই ব্যবসা শুরু করা সম্ভব। ভাই বা দাদার ছবি দিয়ে রাখি তৈরি করার ধারণাটা মানুষ খুব পছন্দ করছেন। এখনও রাখি পূর্ণিমা অনেকটা বাকি, কিন্তু ইতিমধ্যেই প্রচুর অর্ডার পেয়েছি এবং আরও কাজ চলছে।”
সোশ্যাল মিডিয়া যেখানে অনেকের কাছে শুধুই বিনোদনের মাধ্যম, সেখানে প্রীতি ঘোষ সেটিকেই রোজগার ও স্বনির্ভরতার সুযোগে পরিণত করেছেন। তাঁর এই উদ্যোগ শুধু রাখির বাজারে নতুনত্বই আনেনি, বরং উত্তরবঙ্গের বহু তরুণ-তরুণীর কাছে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দিচ্ছে—নতুন ভাবনা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পরিশ্রম থাকলে ছোট উদ্যোগও বড় সাফল্যের পথ দেখাতে পারে।
Siliguri,Darjeeling,West Bengal