Last Updated:
Mountaineer Nirmal Purja Death: বিশ্ব পর্বতারোহণে নেমে এল শোকের ছায়া। ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন ১৪টি আট-হাজারি শৃঙ্গ দ্রুততম সময়ে জয়ের বিশ্বরেকর্ড গড়া কিংবদন্তি নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজা।
প্রখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজার মর্মান্তিক মৃত্যু৷ বিশ্বের দ্বাদশ উচ্চতম পর্বতশৃঙ্গ ব্রড পিক-এ তুষারধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কিংবদন্তী পর্বতারোহী৷ শনিবার তাঁর প্রতিষ্ঠিত অভিযাত্রী সংস্থা ‘Elite Exped’ (এলিট এক্সপেড) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে। তাঁর পাশাপাশি ওই ভয়ঙ্কর তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও পাঁচ পর্বতারোহী৷ দীর্ঘ তল্লাশির পর শনিবার তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখ ও হৃদয়বিদারক পরিস্থিতিতে আমরা এই খবর জানাচ্ছি।” সংস্থা জানিয়েছে, নির্মল পুরজার পাশাপাশি তাঁর বিশ্বস্ত সঙ্গী ও গাইড পুর বাহাদুর গুরুং (ইউক্তা) এবং নিমা শেরপা-সহ আরও কয়েকজন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদনও করা হয়েছে।
গত বৃহস্পতিবার পাকিস্তানের বিশ্বের দ্বাদশ উচ্চতম পর্বতশৃঙ্গ ব্রড পিক-এ অভিযান চালানোর সময় তুষারধসের কবলে পড়েন নির্মল পুরজা ও তাঁর দল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (PoK) গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই শৃঙ্গটি কে-২-এর কাছেই অবস্থিত।
Elite Exped-এর দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১,৬০০ থেকে ২১,৮৫০ ফুট উচ্চতায় ব্রড পিকের পশ্চিম রিজ (West Ridge) রুটে এই তুষারধস নামে। ওই সময় ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩-এর দিকে এগোচ্ছিল দলটি।
প্রাথমিকভাবে নির্মল পুরজা-সহ ছয়জন নিখোঁজ ছিলেন। উদ্ধারকারীরা জানান, তাঁর গারমিন ঘড়ির তথ্য অনুযায়ী তিনি প্রায় ২,০০০ ফুট নিচে পড়ে গিয়েছিলেন। শনিবার ড্রোনের সাহায্যে ক্যাম্প-১-এর কাছে পাঁচটি দেহ শনাক্ত করা হয়। পরে মিংমা জি ও সিরবাজ খানের নেতৃত্বাধীন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিচয় নিশ্চিত করে।
বিশ্বজুড়ে ‘নিমস’ নামে পরিচিত নির্মল পুরজার জন্ম নেপালে। তিনি প্রথমে ব্রিটিশ সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টে কর্মরত ছিলেন। পরে ২০১৮ সালে পূর্ণকালীন পর্বতারোহী হিসেবে যাত্রা শুরু করেন।
২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েন। এর আগে এই কীর্তি গড়তে পর্বতারোহীদের বহু বছর সময় লেগেছিল। ২০২৪ সালে তিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সবচেয়ে কম সময়ে আবারও ১৪টি আট-হাজারি শৃঙ্গ জয়ের নজির গড়েন।
২০২১ সালে শীতকালে প্রথমবারের মতো কে-২ জয় করা নেপালি দলেরও সদস্য ছিলেন তিনি।
তাঁর অসাধারণ সাফল্যের কাহিনি তুলে ধরা হয় নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র “14 Peaks: Nothing Is Impossible”-এ, যা তাঁকে বিশ্বজুড়ে আরও জনপ্রিয় করে তোলে। নিজের প্রতিষ্ঠিত Elite Exped এবং Nimsdai Foundation-এর মাধ্যমে তিনি নেপালি উচ্চতাপর্বত কর্মীদের ন্যায্য পারিশ্রমিক ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্যও দীর্ঘদিন কাজ করেছেন।
ব্রড পিক অভিযানে তাঁর লক্ষ্য ছিল বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১৪টি আট-হাজারি শৃঙ্গ দু’বার জয় করার ইতিহাস গড়া। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তুষারধসে প্রাণ হারালেন বিশ্বের অন্যতম সেরা এই পর্বতারোহী।
Kolkata,West Bengal
