Last Updated:
Hyderabad Accident: হায়দরাবাদে ১৭ বছরের এক নাবালকের চালানো ভাড়ার গাড়ির বেপরোয়া গতির ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। প্রথমে ৭টি মোটরবাইকে ধাক্কা মেরে গাড়িটি এক বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক ব্যক্তি।
হায়দরাবাদ: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা৷ ১৭ বছরের কিশোরের গাড়ির ধাক্কায় মৃত ১৷ গুরুতর আহত আরও ১৷ হায়দরাবাদের মধুরা নগর থানার অন্তর্গত কর্মিকা নগর এলাকার ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক বোরাবান্ডা এলাকার বাসিন্দা এবং একজন ছাত্র। অভিযোগ, গাড়ি চালনায় সঠিক দক্ষতা না থাকা সত্ত্বেও ওই কিশোর একটি ভাড়ার মারুতি বালেনো গাড়ি চালাচ্ছিল। গাড়িটি তার ১৯ বছরের এক বন্ধু ভাড়া নিয়েছিল। তিন বন্ধু মিলে বেড়াতে বেরিয়েছিল বলে জানা গিয়েছে।
তদন্তে জানা গিয়েছে, যাত্রাপথে নাবালক গাড়ির স্টিয়ারিং হাতে নেয়। কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেটি প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাতটি মোটরসাইকেলে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার উল্টো দিকে চলে গিয়ে দুই পথচারীকে সজোরে ধাক্কা দেয়।
আহত দুই পথচারীর পরিচয় রাজ কুমার (৫০) এবং প্রভাকর (৩৫)। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজ কুমারের মৃত্যু হয়। প্রভাকরের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরই পুলিশ গাড়িতে থাকা তিনজনকেই আটক করেছে। কীভাবে ভাড়ার গাড়িটি নেওয়া হয়েছিল এবং কী পরিস্থিতিতে নাবালক গাড়ি চালাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নাবালকের সঙ্গে থাকা দুই প্রাপ্তবয়স্কের ভূমিকাও তদন্ত করে দেখছে পুলিশ।
এই ঘটনায় ফের একবার লাইসেন্স ছাড়া নাবালকদের গাড়ি চালানো এবং ভাড়ার গাড়ি ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
Kolkata,West Bengal
Aug 02, 2026 11:25 PM IST
