Last Updated:
Egypt Earthquake: মিশরে সোমবার ভোরে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সুয়েজের কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন টের পাওয়া গেছে কায়রো, ইজরায়েল, জর্ডন, লেবানন, ফিলিস্তিন ও সাইপ্রাসেও। এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
কায়রো: সোমবার ভোরে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিশরের একাধিক এলাকা। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সোমবার ভোর প্রায় ৩টা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মিশরের প্রশাসনের দাবি, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। তবে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সুয়েজ শহরের প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। শুধু মিশরেই নয়, এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী একাধিক দেশেও। রাজধানী কায়রো, গিজা এবং মিশরের বিভিন্ন প্রদেশের পাশাপাশি ফিলিস্তিন, ইজরায়েল, জর্ডন, লেবানন এবং সাইপ্রাসের কিছু অংশেও কম্পন টের পান বাসিন্দারা। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
সংবাদ সংস্থা রয়টার্স এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের পরই মিশর রেড ক্রিসেন্ট জরুরি পরিষেবা (Emergency Response) সক্রিয় করেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের উপর ভরসা করতে এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, মিশর ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলে মাঝেমধ্যেই ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। তবুও সাম্প্রতিক এই ভূমিকম্পের পর প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Aug 03, 2026 11:30 AM IST
