Last Updated:
Pakistan: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-র নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন পিপিপি প্রধান বিলাবল ভুট্টো জারদারি।
ইসলামাবাদ: পাকিস্তানের শাসক জোটে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে সরাসরি আক্রমণ করে বসলেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-র সদ্যসমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন ভুট্টো৷ তাঁর অভিযোগ, শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পিওকের নির্বাচনে ব্যাপক কারচুপি, হিংসা ও ভয় দেখানোর আশ্রয় নিয়েছে।
দলীয় কর্মীদের উদ্দেশে এক কড়া ভাষণের সময় বিলাবল বলেন, “আপনাদের দিন গোনা শুরু হয়ে গেছে।” পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের মতে, জোটের দুই প্রধান শরিকের মধ্যে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় সংঘাতের ইঙ্গিত।
বিলাবলের এই কড়া অবস্থানের ফলে পিপিপি ও পিএমএল-এনের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ফলে শেহবাজ শরিফ সরকারের স্থায়িত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের দাবি, পাকিস্তানের সেনাবাহিনীর প্রভাবশালী মহল গোটা রাজনৈতিক পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। জোটে সঙ্কট আরও গভীর হলে বিকল্প রাজনৈতিক সমীকরণ নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী Mohsin Naqvi সম্ভাব্য ঐকমত্যের মুখ হিসেবে উঠে আসতে পারেন বলেও বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।
বিলাবল পিওকে নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ভোটকে “কারচুপিপূর্ণ, রক্তাক্ত এবং হত্যালীলায় পরিণত” বলে বর্ণনা করেন। তাঁর অভিযোগ, পিএমএল-এন সরকার হিংসা ও ভয় দেখিয়ে পিপিপিকে দমিয়ে রাখার চেষ্টা করেছে।
পিপিপি প্রধানের দাবি, নির্বাচনী প্রচারের সময় তাঁদের একাধিক কর্মী নিহত হয়েছেন এবং দলের এক জাতীয় পরিষদ সদস্যকে গুলি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনতে শাসক দল প্রশাসনিক ও বলপ্রয়োগের আশ্রয় নিয়েছে।
ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেও বিলাবল জানান, পিপিপি এই নির্বাচনে ৯টি আসনে জয় পেয়েছে। তবে তাঁর দাবি, মিরপুর ও মুজাফফরাবাদের যে আসনগুলি “চুরি” করা হয়েছে, সেগুলিও তাঁরা রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে পুনরুদ্ধার করবেন।
তিনি বলেন, “পিপিপি কখনও লড়াইয়ের ময়দান ছেড়ে পালায় না।” পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।
বিলাওয়াল আগামী ১০ আগস্ট বাঘে একটি বড় জনসভার ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি দলীয় কর্মী-সমর্থকদের আরও জোরদার প্রচারে নামার আহ্বান জানান এবং মুজাফফরাবাদের ভোটারদের উদ্দেশে পিএমএল-এনের বিরুদ্ধে “ষড়যন্ত্র ব্যর্থ করার” আবেদন জানান।
Kolkata,West Bengal
